সামনের দিনগুলোয় কম্পিউটার, ল্যাপটপসহ অন্যান্য ডিভাইসের জন্য হার্ডডিস্ক ড্রাইভ (এইচডিডি), সলিড
স্ট্রেট ড্রাইভ (এসএসডি) স্টোরেজ বিক্রিতে আরো অবনমন হবে। স্টোরেজ বাজারজাতকারী প্রতিষ্ঠান সিগেট ও ওয়েস্টার্ন ডিজিটাল এক পূর্বাভাসে এ কথা জানিয়েছে। খবর টেকরাডার।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত স্টোরেজ মিডিয়া বিক্রিতে সফলতার মুখ দেখা যায়নি বলে জানিয়েছিল প্রতিষ্ঠান দুটি। সম্প্রতি অনুষ্ঠিত গোল্ডম্যান স্যাকসের টেকনোলজি সম্মেলনে ওয়েস্টার্ন ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভিড গোয়েকেলার এ কথা জানান। চলতি বছরের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটি বিক্রির মাধ্যমে ৩৬০-৩৮০ কোটি ডলার মুনাফা অর্জন করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ওয়েস্টার্ন ডিজিটালের পাশাপাশি সিগেটও চলতি প্রান্তিকে তাদের মুনাফার পূর্বাভাসে পরিবর্তন এনেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) ডেভ মোসলে সম্মেলনে বলেন, বর্তমানে প্রায় সবাই সব ধরনের স্টোরেজ বাজারজাতে নতুন করে বিনিয়োগ করা থেকে বিরতি নিচ্ছে।
গোয়েকেলার বলেন, বিশ্বে বিজনেস ক্লাউড স্টোরেজ পরিষেবা দানকারী প্রতিষ্ঠানগুলোও বিনিয়োগ কমিয়ে দিয়েছে। মোসলের দাবি, করপোরেট ও ভোক্তা পর্যায়ে চাহিদা ও আগ্রহ কমে যাওয়ায় স্টোরেজ ইউনিট বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে। তবে গোয়েকেলার ওয়েস্টার্ন ডিজিটালের মোট ভোক্তা রাজস্বের বিষয়ে ইতিবাচক ধারণা দিয়েছেন। তার দাবি, প্রতিষ্ঠানটির সানডিস্ক ব্র্যান্ডটি ভোক্তা ব্যবসা খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ।










