ডেভেলপারদের ব্লকচেইন অ্যাপ্লিকেশন ও অন্যান্য ওয়েবথ্রি টুলস তৈরিতে আলাদা দল গঠনের কার্যক্রম হাতে নিয়েছে গুগল ক্লাউড। খবর টেকরাডার।

গুগল ক্লাউডের ভিপি, জেনারেল ম্যানেজার ও প্লাটফর্মটির প্রধান কর্তৃক পাঠানো ই-মেইলের বরাতে সিএনবিসির অমিত জাভেরি জানান, উদীয়মান কাজের ক্ষেত্রে ডেভেলপাররা যেন প্রথম পছন্দ হিসেবে গুগলের ক্লাউড প্লাটফর্ম ব্যবহার করে, সেটি নিশ্চিতেই কাজ করছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ওয়েবথ্রি নিয়ে আলোচনা হচ্ছে। তবে জাভেরি জানান, এরই মধ্যে এটি বিপুল সম্ভাবনাময় একটি বাজারে পরিণত হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির গ্রাহকরা ওয়েবথ্রি ও ক্রিপ্টো সম্পর্কিত প্রযুক্তির উন্নয়নে আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি স্ট্যাক ওভারফ্লোয়ের ৫৯৫ জন ডেভেলপারকে নিয়ে একটি জরিপ পরিচালিত হয়। যাদের মধ্যে ৮৫ শতাংশই এখন পর্যন্ত ব্লকচেইন পদ্ধতির মাধ্যমে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরি করেননি বলে জানিয়েছেন। তবে গুগল ক্লাউড তাদের নতুন উদ্যোগের মাধ্যমে ডেভেলপারদের আরো সহজে ওয়েবথ্রি অ্যাপ ও টুলস তৈরিতে সহায়তা করতে পারবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। অ্যামাজন ওয়েব সার্ভিসের (এডব্লিউএস) ওপর সুবিধা লাভের চেষ্টায় মাইক্রোসফট আজুর ও আলিবাবা ক্লাউডের মধ্যে যুদ্ধ চলমান। এ অবস্থায় যেসব ডেভেলপার নিজস্ব ওয়েবথ্রি সফটওয়্যার তৈরি করতে চায়, তাদের ব্যাকেন্ড পরিষেবা দেবে গুগল। সিএনবিসিকে দেয়া এক সাক্ষাত্কারে জাভেরি বলেন, গুগল এমন একটি প্রক্রিয়া চালু করবে, যেটি অন্যান্য প্রতিষ্ঠান ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের সহজে ব্লকচেইন ডাটা দেখার ও প্রবেশের সুবিধা দেবে।