টুইটার প্লাটফর্মে কোনো অ্যাকাউন্ট যে আসল সেটি কীভাবে নির্ধারণ করা হয় সে প্রক্রিয়া প্রকাশ করার দাবি তুলেছেন ইলোন মাস্ক। ক্রয় চুক্তি এগিয়ে নেয়ার শর্ত হিসেবে নতুন এ শর্ত সামনে তুলেছেন টেসলার এ শীর্ষ নির্বাহী। মাস্কের এক টুইটের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
গতকাল এক টুইটে মাস্ক বলেন, টুইটার যদি নমুনা হিসেবে ১০০ অ্যাকাউন্টের যাচাই প্রক্রিয়া এবং অ্যাকাউন্টগুলো যে আসল তা কীভাবে নিশ্চিত হয় সেটি প্রকাশ করতে পারে, তবেই কেবল তার ৪ হাজার ৪০০ কোটি ডলারের অধিগ্রহণ চুক্তিটি সামনে এগোবে। তবে যদি দেখা যায় যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেয়া তাদের নথিতে মিথ্যা তথ্য রয়েছে, তবে চুক্তি আর সামনে এগোবে না।
টুইটারের প্রশ্নবিদ্ধ দাবিগুলো সম্পর্কে এসইসি কোনো তদন্ত করছে কিনা, এক টুইটার ব্যবহারকারীর এমন প্রশ্নের জবাবে মাস্ক পাল্টা টুইটে বলেন, তাই তো, যদি তারা না করে তাহলে কেন করছে না?










