টানা তিন প্রান্তিকে ভারতের বাজারে ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রি ৪ মিলিয়ন বা ৪০ লাখের কোটা পার করেছে। সম্প্রতি প্রকাশিত ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) উপাত্তে দেখা গেছে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে ভারতের বাজারে ৪৩ লাখ ইউনিট পিসি বিক্রি হয়েছে।

আইডিসি বলছে, প্রথম প্রান্তিকে ভারতের বাজারে পিসি বিক্রি বছরওয়ারি বেড়েছে ৩৭ দশমিক ৭ শতাংশ। ডেস্কটপ, নোটবুক ও ওয়ার্কস্টেশন নিয়ে ভারতে পিসি বিক্রি হয়েছে ৪৩ লাখ ইউনিট। এতে অবশ্য চালকের আসনে ছিল নোটবুক সেগমেন্ট। গত প্রান্তিকে এশিয়ার দ্বিতীয় বৃহৎ এ বাজারে নোটবুক বিক্রি হয়েছে ৩১ লাখ ইউনিট। অন্যদিকে অফিস-আদালত খোলার ফলে ডেস্কটপ বিক্রিতেও চাঙ্গা ভাব দেখা গেছে। ২০১৪ সালের তৃতীয় প্রান্তিকের পর এক মিলিয়নেরও বেশি (১০ লাখের বেশি) ডেস্কটপ বিক্রি হয়েছে ভারতে।

অনলাইন মারফতে পিসি বিক্রি ছিল মোট বিক্রির ১৩ দশমিক ৪ শতাংশ। 

১৪ লাখ ইউনিট পিসি বিক্রির মাধ্যমে ভারতের বাজারে শীর্ষ ব্র্যান্ড ছিল এইচপি। প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটির বাজার হিস্যা ছিল ৩৩ দশমিক ৮ শতাংশ। দ্বিতীয় শীর্ষ পিসি ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে আরেক মার্কিন কোম্পানি ডেল টেকনোলজিস। ৮ লাখ ৩০ হাজার ইউনিট পিসি বিক্রির মাধ্যমে ডেলের বাজার হিস্যা ছিল ১৯ দশমিক ৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা চীনা কোম্পানি লেনোভোর পিসি বিক্রি হয়েছে ৭ লাখ ৫২ হাজার ইউনিট।