চিপসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য উৎপাদন প্রযুক্তি সরবরাহ বন্ধে চীনের প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে এতে তাইওয়ানের চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ম্যাক্রোনিক্সের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। প্রতিষ্ঠানটি ভালোভাবেই তাদের কার্যক্রম পরিচালনা করছে বলে চেয়ারম্যান সূত্রে জানা গিয়েছে। খবর রয়টার্স।
২০২০ সালের আগস্টে হুয়াওয়ের পাশাপাশি চীনে যেসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে তৈরি চিপ সরবরাহ করে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে চিপ বা প্রযুক্তি সরবরাহ করতে হলে বিশেষ অনুমোদন নিতে হবে। ম্যাক্রোনিক্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিন উ প্রতিষ্ঠানের প্রধান সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ফাইভজি প্রযুক্তিসংবলিত চিপের জন্য হুয়াওয়ে তাদের অন্যতম প্রধান গ্রাহক ছিল।
উ বলেন, আমার মতে ব্যবসায় নতুন করে কারা যুক্ত হতে পারবে তাদের খুঁজে বের করা আমার পক্ষে সম্ভব। চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি কমে যাওয়ার প্রভাবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নিষেধাজ্ঞার মধ্যেও আমরা ভালো কাজ করছি। পারতপক্ষে বর্তমানে আমরা ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে নতুন নতুন গ্রাহক পাচ্ছি। আগে তারা শুধু যুক্তরাষ্ট্রের সরবরাহকারীদের কাছ থেকে কিনত, বর্তমানে তারা আমাদের কাছ থেকেও কিনছে। তাই নিষেধাজ্ঞার বিষয়টি আমাদের জন্য সমস্যার নয়।










