চ্যাটিংয়ের পর এবার ব্যাকআপেও এন্ড টু এন্ড এনক্রিপশন প্রাইভেসি ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি এক ঘোষণায় ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ জানান, ফিচারটি আইওএস এবং অ্যান্ড্রয়েড ওএসে কাজ করবে। খবর এনগ্যাজেট।
সামঞ্জস্যপূর্ণ এবং নির্ভরযোগ্য অভিজ্ঞতা অর্জনে ব্যবহারকারীদের জন্য ফিচারটি ধীরে ধীরে চালু করার পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ। এ লক্ষ্যে আপাতত বেটা ভার্সনে ফিচারটি পাওয়া যাচ্ছে। খুব শিগগির সাধারণ ইউজাররাও এ চ্যাট ব্যাকআপের ফিচারটি উপভোগ করতে পারবেন।
ফিচারটির ব্যবহারকারী এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে তাদের চ্যাট হিস্ট্রি ব্যাকআপ করার সুবিধা পাবেন। এর আগে আইক্লাউড বা গুগল ড্রাইভে ব্যাকআপগুগুলো সুরক্ষিত রাখতে অনুমতি নিতে হবে তাদের। ফলে শুধু তারাই ব্যাকআপগুলো অ্যাকসেস করতে পারবেন। অন্য কেউ তাদের ব্যাকআপ আনলক করতে পারবে না, হোয়াটসঅ্যাপ নিজেও এ সুযোগ পাবে না। উল্লেখযোগ্য বিষয় হলো, এ সিকিউরিটি সিস্টেম একটি পাসওয়ার্ড বা ৬৪ সংখ্যার এনক্রিপশন কি ব্যবহার করে চ্যাট ব্যাকআপ গোপন রাখবে।










