নর্থ ক্যারোলাইনার চ্যাথাম কাউন্টিতে শতকোটি ডলার ব্যয়ে নতুন একটি চিপ কারখানা নির্মাণ করতে যাচ্ছে উলফস্পিড। বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) চিপের চাহিদা বাড়ায় সেখানে কারখানাটি চালু হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
উলফস্পিড বলছে, ২০৩০ সালের মধ্যে কারখানা নির্মাণ সম্পন্ন হলে এটি হবে বিশ্বের বৃহত্তম সিলিকন কার্বাইড চিপ কারখানা। ২০২৪ সালের মধ্যে কারখানার প্রথম ধাপ সম্পন্ন হতে ব্যয় হবে ২০০ কোটি ডলার। কারখানা নির্মাণ সম্পন্ন হতে ৫০০ কোটি ডলার ব্যয় হবে বলে জানান সংশ্লিষ্টরা।
সাধারণত সিলিকনের মাধ্যমে প্রথাগত পাওয়ার ম্যানেজমেন্ট চিপ তৈরি হয়। কম্পিউটার ও ফোনের মাইক্রোচিপের জন্যও সিলিকন প্রয়োজন। উলফস্পিড সেখানে সিলিকন কার্বাইড নামে তুলনামূলক নতুন একটি উপকরণ ব্যবহার করছে। সিলিকন কার্বাইড চিপ প্রযুক্তিতে উলফস্পিড নেতৃত্বের আসনে এবং এ ধরনের চিপের বৈশ্বিক উৎপাদনের ৬০ শতাংশেরও বেশি তৈরি করে মার্কিন কোম্পানিটি।










