স্থানীয় প্রশাসনের জিম্মায় এক নারীর মৃত্যুর ঘটনায় ইরানে বিক্ষোভ শুরু হয়। এটি দমনে দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। খবর এনগ্যাজেট।

১৬ সেপ্টেম্বর ইরানের মোরালিটি পুলিশের জিম্মায় মারা যান ২২ বছর বয়সী মাহসা আমিনী। নারীদের জন্য কঠোরভাবে আরোপিত পোশাকবিধি লঙ্ঘন করায় তাকে গ্রেফতার করা হয়। তার মৃত্যুর ঘটনায় সপ্তাহের শেষে শুরু হওয়া এ বিক্ষোভ টানা চারদিন ধরে চলমান। ইন্টারনেট ওয়াচডগ নেটব্লকসের তথ্যানুযায়ী, সম্প্রতি ইরান সরকার দেশটিতে ওয়েব অ্যাকসেস সীমিত করে দিয়েছে। গত শুক্রবার প্রথমবারের মতো আন্দোলন ও বিক্ষোভ শুরু হলে তেহরানসহ দেশটির বিভিন্ন অংশে ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দেয়া হয়।