টুইটারের সার্বিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতে নতুন প্রধান নির্বাহী ইলোন মাস্কের কাছে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভল্কার তুর্ক এক খোলো চিঠিতে এ আহ্বান জানান। খবর রয়টার্স।
নতুন নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্লাটফর্মটির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় অর্ধেক কর্মীকে ছাঁটাই করেছেন ইলোন। এরপর কর্মীরা তাদের টুইট বার্তায় জানান, যাদের ছাঁটাই করা হয়েছে তাদের মধ্যে মানবাধিকার নিয়ে কাজ করা দলও রয়েছে।
চিঠিতে তুর্ক বলেন, বৈশ্বিক বিপ্লবের দিক থেকে টুইটার অন্যতম একটি অংশ এবং এটি যোগাযোগের মাধ্যমে ও ধরনে পরিবর্তন এনেছে। তবে আমি ডিজিটাল প্লাটফর্মে ব্যবহারকারীদের অবস্থান, টুইটারের ভূমিকা নিয়ে উদ্বেগ ও আশঙ্কা নিয়ে লিখেছি। প্লাটফর্মকে ঘিরে যে ক্ষতির ঝুঁকি রয়েছে সেগুলো সম্পর্কে জানার পাশাপাশি এর সমাধানে অন্যান্য প্রতিষ্ঠানের মতো টুইটারেরও পদক্ষেপ নেয়া প্রয়োজন।
হাইকমিশনার বলেন, সংক্ষেপে আপনার (ইলোন মাস্ক) অধীনে টুইটারের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মানবাধিকারের বিষয়টিকে প্রাধান্য দেয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সম্প্রতি অধিগ্রহণের পর ইলোন মাস্ক যে হারে কর্মী ছাঁটাই করছেন তার জন্য ভবিষ্যতে প্লাটফর্মটির অবস্থা কী হবে সে বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষক ও প্রযুক্তিবিদরা।










