চলতি বছরের প্রথমার্ধে ভিডিও গেম খাত থেকে চীনের আয় কমেছে। এ খাত-সংক্রান্ত তথ্য প্রকাশের ১৪ বছরের ইতিহাসে এটি প্রথম। মূলত প্রযুক্তি খাতের ওপর বেইজিং যে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সেটির পরিপ্রেক্ষিতেই বিশ্বের অন্যতম বৃহৎ এ গেমিং বাজার প্রভাবিত হয়েছে। খবর রয়টার্স।
রাষ্ট্র সমর্থিত শিল্প গ্রুপ চায়না অডিও-ভিডিও অ্যান্ড ডিজিটাল পাবলিশিং অ্যাসোসিয়েশন প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, জুনে শেষ হওয়া প্রান্তিকে চীনের গেমিং খাতের আয় ১ দশমিক ৮ শতাংশ কমে ১৪ হাজার ৭৭০ কোটি ইউয়ান বা ২ হাজার ১৮০ কোটি ডলারে নেমে এসেছে। ২০০৮ সালে গেমিং খাতের প্রথম তথ্য প্রকাশের পর থেকে এটিই প্রথম হ্রাসের খবর।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে নজরদারি আরোপের অংশ হিসেবে ও বেইজিং গেমিং লাইসেন্স দেয়ার হার কমিয়ে দেয়। এছাড়া কিশোরদের গেম খেলার সময়ও নির্ধারিত করে দেয়। এ পরিপ্রেক্ষিতে এক সময় দ্রুতগতিতে এগিয়ে যাওয়া গেমিং খাত বর্তমানে অনেকটাই পিছিয়ে পড়েছে। প্রতিবেদন সূত্রে আরো জানা যায়, দেশটিতে গেমারদের সংখ্যাও কমে গেছে। স্থানীয় পর্যায়ে চীনের গেমিং কোম্পানিগুলোর আয় ৪ দশমিক ২৫ শতাংশ কমে ১২ হাজার ৪৫০ কোটি ইউয়ানে নেমে এসেছে। চীনে কঠোর বিধিনিষেধ ও তদারকি আরোপ করায় এসব কোম্পানি বর্তমানে দেশের বাইরের মার্কেটগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছে। কেননা এসব বাজারে একই সময়ে দেশটির গেমিং খাতের আয় ৬ দশমিক ১৬ শতাংশ বেড়ে ৯০০ কোটি ডলারে পৌঁছেছে।










