সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২ পেল দেশের প্রথম সারির আইসিটি প্রতিষ্ঠান সিনেসিস আইটি। দেশের তথ্য ও প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অবদান রাখায় আইসিটি ও আইটি ক্যাটাগরিতে আউটস্ট্যান্ডিং সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি অফ দি ইয়ার পুরষ্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি। মোট ৮টি দেশের মধ্যে বাংলাদেশ থেকে সিনেসিস আইটিকে এ স্বীকৃতি দেয়া হয়েছে।
সম্প্রতি ঢাকার সোনারগাঁও হোটেলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী ও সিনেসিস আইটির ভাইস চেয়ারম্যান হারুন উর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা ও পাকিস্তানের হাইকমিশনার। সিনেসিস আইটির পক্ষে আরো উপস্থিত ছিলেন, জেনারাল ম্যানেজার ও হেড অফ বিজনেস সলিউসন নাজিয়া আক্তার, জেনারাল ম্যানেজার ও হেড অফ সফটওয়্যার সাপোর্ট এন্ড সেলস আমিনুল বারী শুভ্র, ডিজিএম বিজনেস সলিউসন রাকিবুল ইসলাম এবংএজিএমও হেড অফ মার্কেটিং এন্ড প্রোডাক্ট ইনোভেশন কাজী আব্দুল্লাহ আল মামুন।
এসময় সিনেসিস আইটির ম্যনেজিং ডিরেক্টর সোহরাব আহমেদ চৌধুরী সিনেসিস আইটির পক্ষ থেকে সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড (SAPSAA) কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।পাশাপাশি এমন অর্জনে সিনেসিস আইটি পরিবারের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা এ পুরস্কার অর্জন করতে পেরেছি।
ব্যবসায়িক ক্ষেত্রে নিত্যনতুন উদ্ভাবন ও দক্ষতার বিচারে প্রতি বছর এ পুরস্কার দিতে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট (এসএপিএস) আয়োজন করা হয়। পুরস্কারের জন্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও ভুটানের বিভিন্ন ব্যবসায়িক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বিবেচনা করা হয়।
উল্লেখ্য, সিনেসিস আইটি সুদীর্ঘ ১৬ বছর ধরে ২০০ এর অধিক প্রকল্প সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের আইটি খাতে উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে। ইতিপূর্বে সিনেসিস আইটি বেশ কিছু পুরস্কার অর্জন করেছে। তার মধ্যে ২০২১ সালে স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ থেকে শুধুমাত্র করোনা মহামারীর সময় প্রায় ১.৫ কোটি মানুষকে সেবা প্রদান করায় বিশ্বব্যাপী “ফার্স্ট প্লেস উইনার” হিসেবে “ইনোভেটিভ ই-হেলথ সলিউশন অ্যাওয়ার্ড – প্রাইভেট সেক্টর” ক্যাটাগরিতে “উইটসা (WITSA) গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১ লাভ করে। একই প্রকল্পের জন্য ২০২১ সালেই এসোসিও(ASOCIO) হেলথটেক অ্যাওয়ার্ড২০২১ লাভ করে সিনেসিস আইটি।










