বহনযোগ্য ব্লুটুথ স্মার্ট স্পিকার ব্যবহারের ক্ষেত্রে প্রথম সমস্যা হচ্ছে এর রক্ষণাবেক্ষণ। বিশেষ করে ধুলোবালি ও পানির ঝাপটা থেকে স্পিকার বাঁচিয়ে রাখাটাই অনেক বড় দায়িত্ব। এ ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতে এবার আইপি৬৭ রেটিংসহ বহনযোগ্য নতুন স্মার্ট ব্লুটুথ স্পিকার নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের অডিও ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান সনোস।
সনোস রোম আল্ট্রা পোর্টেবল স্মার্ট স্পিকারটি সনোস অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের মোবাইলের মাধ্যমে বেজ, ট্রেবল ও শব্দের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন। স্মার্ট স্পিকারটিতে স্বয়ংক্রিয় ট্রুপ্লে অডিও টিউনিং ফিচার, ব্লুটুথ ও অ্যাপলের এয়ারপ্লে ২ ফিচার প্রদান করা হয়েছে। অ্যামাজন, অ্যালেক্সা ও গুগল অ্যাসিস্ট্যান্টের সঙ্গেও সনোসের নতুন এ স্পিকার কাজ করবে। একবারের চার্জে স্পিকারটি ১০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এটি ধুলোবালি ও পানি নিরোধক এবং আইপি৬৭ রেটিং প্রাপ্ত।
সনোস রোম স্মার্ট স্পিকারটি আকার-আকৃতির দিক থেকে অত্যন্ত আকর্ষণীয় ও ওজনে হালকা। বহনের সুবিধার্তে এতে সিলিকনের এন্ড ক্যাপ দেয়া হয়েছে। স্পিকারের বডিতে ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন থাকায় ব্যবহারকারীরা সহজেই গান চালু করা, পুনরায় শোনা এবং প্রয়োজন অনুযায়ী মাইক্রোফোন, ব্লুটুথ ও স্পিকার চালু বা বন্ধ করতে পারবেন।
আইপি৬৭ রেটিং থাকায় এ স্মার্ট স্পিকারে সহজে বালি ও পানি প্রবেশ করবে না। প্রতিষ্ঠানটির দাবি সনোস রোম ৩ ফুট পানির নিচে ৩০ মিনিট টিকে থাকবে। অ্যামাজনের অ্যালেক্সা, সিরি ও গুগল অ্যাসিস্ট্যান্ট থাকায় ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের মাধ্যমে গান বাজানো, নিউজ শোনা, স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণসহ আরো অনেক ফিচার ব্যবহার করতে পারবেন। বাজারে লুনার হোয়াইট ও শ্যাডো ব্ল্যাক—এ দুই রঙে স্মার্ট স্পিকারটি কিনতে পাওয়া যাবে। এর মূল্য ২৩ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে।
—গ্যাজেটস থ্রিসিক্সটি










