উইন্ডোজ ১১-এর ২২এইচ২ ভার্সনের আরো একটি সমস্যার কথা নিশ্চিত করেছে মাইক্রোসফট। সর্বশেষ আপডেট ইনস্টল করার পর ব্যবহারকারীরা কোনো গেম খেলার সময় পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে। গেম খেলার সময় ধীরগতিসহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। খবর গিজচায়না।
প্রাথমিক পর্যায়ে এনভিডিয়ার গ্রাফিকস কার্ডের সমস্যা মনে করা হচ্ছিল। কার্ডের ড্রাইভার পরিবর্তন বা আপডেট করেও কোনো সমাধান পাওয়া যায়নি, যে কারণে মাইক্রোসফটের পক্ষ থেকে উইন্ডোজ ১১-এর ২২এইচ২ ভার্সন ব্যবহারে বিষয়ে সতর্কবার্তা দেয়া হয়েছে।
এক বিবৃতিতে প্রযুক্তি জায়ান্টটি স্বীকার করে, তারা অনিচ্ছাকৃতভাবে গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) পারফরম্যান্স ডিবাগিং চালু করেছে। তবে এর কারণে কোন গেমগুলো মূলত সমস্যার সম্মুখীন হবে সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি। ভোক্তা পর্যায়ের ইলেকট্রনিক ডিভাইসে এটি ব্যবহার না করার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি। এ সমস্যা সমাধানের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত ডিভাইসে উইন্ডোজ ১১-এর ২২এইচ২ ভার্সনের অটো আপডেট বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট।
উইন্ডোজ ভার্সন আপডেটের পরিবর্তে মাইক্রোসফটের পক্ষ থেকে ব্যবহারকারীদের গেম ও অ্যাপ আপডেটের পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি আগের ভার্সনে ফিরে যাওয়ার জন্য ব্যবহারকারীদের জন্য রোল ব্যাক ফিচারও চালু করা হয়েছে। মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের কারণে গেমাররা এর আগেও সমস্যার সম্মুখীন হয়েছিল। এক বছর আগে এএমডির চিপযুক্ত কম্পিউটার ব্যবহারকারীরাও পারফরম্যান্সে অবনমন দেখতে পেয়েছিল। তবে নতুন এ সমস্যার পরিপূর্ণ সমাধানের জন্য ইউজারদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে।










