ইলোন মাস্ক জানিয়েছে, টুইটারের নেতৃত্ব
দেয়ার জন্য নতুন প্রধান নির্বাহী খুঁজে পেয়েছেন। যার নিয়োগ আগামী ছয় সপ্তাহের মধ্যে কার্যকর
হবে। খবর বিবিসি।
এ প্রযুক্তি উদ্যোক্তা টুইটারের নতুন বসের
নাম প্রকাশ করেননি। সঙ্গে জানান, তিনি নির্বাহী চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তার
দায়িত্ব নেবেন।
কোম্পানির নেতৃত্ব ঠিক রাখা ও নিজের অন্যান্য
ব্যবসায় মনোযোগ দেয়ার জন্য মাস্ক সাম্প্রতিক সময়ে চাপের মধ্যে রয়েছেন। গত বছর চার
হাজার ৪০০ কোটি ডলারে টুইটারের মালিকানা নেয়ার পর একা হাতেই সব সামলাচ্ছেন। এই সময়
ব্যাপক ছাঁটাই ও রদ বদলের মধ্য দিয়ে গেছে ডিজিটাল প্লাটফর্মটি।
গত বছর অনলাইন জরিপে টুইটার ব্যবহারকারীরা
মাস্কের দায়িত্ব পালনের বিরুদ্ধে ভোট দেয়। এখন তিনি লাগাম হস্তান্তরে সম্মত হলেও তা
কবে নাগাদ হবে স্পষ্ট নয়।
এই ঘোষণার পর টেসলার শেয়ারের দাম বেড়েছে।
এর আগে টুইটারে মনোযোগ দেয়ায় গাড়ি কোম্পানির ক্ষতি হয়েছে বলে শেয়ারহোল্ডাররা মাস্কের
বিরুদ্ধে অভিযোগ আনেন।
ইনভেস্টমেন্ট ফার্ম ওয়েডবুশ সিকিউরিটিজের
ড্যান আইভস জানান, মাস্কের এ ঘোষণা বড় একটি পদক্ষেপ। কারণ টুইটার, টেসলা ও স্পেসএক্সের
সিইও হিসেবে ভারসাম্য বজায় রাখার চেষ্টা একটি অসম্ভব কাজ।
এদিকে দুটি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে
বলা হয়েছে, টুইটারের সিইও পদের জন্য এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপনের প্রধান লিন্ডা
ইয়াকারিনোর সঙ্গে আলোচনা হয়েছে। তবে টুইটার বা এনবিসি ইউনিভার্সাল এ বিষয়ে মন্তব্য
করেননি।
মাস্ক যদি একজন নারী নির্বাহী নিয়োগ করেন,
তা প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য ঘটনা হবে। গত বছর এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের
৫০০টি বড় কোম্পানির অন্তর্ভুক্ত প্রযুক্তি সংস্থায় প্রধান নির্বাহী পদে নারীর উপস্থিতি
১০ শতাংশেরও কম ছিল।










