সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও তথ্য থেকে আয় নিশ্চিতে ফ্রান্সের সংবাদ প্রকাশক লবি গ্রুপের সঙ্গে নতুন লেখস্বত্ব চুক্তি করেছে ফেসবুক। খবর রয়টার্স।

চুক্তিটিতে কয়েক পৃষ্ঠার শর্তাবলি রয়েছে। এ বিষয়ে অবগত একটি সূত্র জানায়, শীর্ষস্থানীয় কয়েকটি জাতীয় দৈনিকের প্রতিনিধিত্বকারী লবি প্রতিষ্ঠান অ্যালায়েন্স দো লো প্রস দো ইনফরমেশন জেনারেলের (এপিআইজি) সঙ্গে কয়েক মাস ধরে আলোচনা শেষে এ চুক্তি স্বাক্ষরিত হলো।

চুক্তিপত্রে প্রধান শর্তের পাশাপাশি অবস্থানরত সব সদস্যের জন্য নির্ধারিত ফি উল্লেখ করা হয়েছে বলে সূত্রে জানা যায়। খুব শিগগির একটি কাঠামোর মাধ্যমে এ টার্ম শিট অনুসরণ করা হবে এবং এর মাধ্যমে এপিআইজির সদস্যরা ফেসবুকের সঙ্গে নতুন লাইসেন্সের জন্য আলাদা চুক্তি স্বাক্ষর করতে পারবে বলেও জানা যায়।

দুই ধরনের লাইসেন্সের জন্য চুক্তি করা যাবে। এর একটি ফেসবুকের মূল প্লাটফর্মে নিউজ কনটেন্ট ব্যবহারের জন্য এবং অপরটি আসন্ন ফেসবুক নিউজ সার্ভিসের জন্য। নির্বাচিত প্রকাশকদের কনটেন্ট থেকে স্টোরি তৈরির জন্য এটি কাজ করবে।

২০২২ সালে ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে ফেসবুক নিউজ সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে এ সোস্যাল মিডিয়া জায়ান্ট। তবে প্রতিষ্ঠানটি চুক্তি সম্পর্কিত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। লে মন্ডে গ্রুপের প্রধান লুই ড্রেফাস বলেন, সংবাদপত্রের কনটেন্ট ব্যবহারের জন্য এরই মধ্যে লে মন্ডে ফেসবুকের সঙ্গে একটি লাইসেন্স স্বাক্ষর করেছে।