বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ও গ্রাহক স্বার্থ বিবেচনায় দেশে সেলফোনের জন্য আনলিমিটেড (মেয়াদবিহীন) ডাটা প্যাকেজ ও নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজ উদ্বোধন করা হয়েছে। গতকাল রাজধানীর রমনায় বিটিআরসি কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী বলেন, আনলিমিটেড ডাটা প্যাকেজের মাধ্যমে বাংলাদেশ যে যুগে প্রবেশ করল তা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। সে হিসাবে আজকের দিনটি স্মরণীয়। 

প্রাথমিকভাবে আনলিমিটেড ডাটা প্যাকেজের মধ্যে গ্রামীণফোনে ১ হাজার ৯৯ টাকায় ১৫ জিবি ও ৪৪৯ টাকায় ৫ জিবি ইন্টারনেট কেনা যাবে। এছাড়া গ্রামীণফোনের নিরবচ্ছিন্ন ৩০ দিনের (দৈনিক সর্বোচ্চ ১ জিবি পর্যন্ত) প্যাকেজ ৩৯৯ টাকা এবং ৩০ দিনের (দৈনিক সর্বোচ্চ ২ জিবি পর্যন্ত) ৬৪৯ টাকা। রবিতে ৩১৯ টাকায় ১০ জিবি, বাংলালিংকে ৩০৬ টাকায় ৫ জিবি, টেলিটকে ৩০৯ টাকায় ২৬ জিবি ও ১২৭ টাকায় ৬ জিবি পাওয়া যাবে।

আনলিমিটেড প্যাকেজটি শুধু ডাটা সার্ভিস দেয়ার জন্য। এতে অন্য কোনো প্রকার ভয়েস, এসএমএস, সোশ্যাল প্যাক অফার যুক্ত করা যাবে না।

প্যাকেজগুলো মেয়াদবিহীন ডাটা/সীমাবিহীন ভলিউমের হওয়ায় অব্যবহূত ডাটা থাকার সুযোগ নেই। তাই এসব প্যাকেজে ডাটা ক্যারিফরওয়ার্ড প্রযোজ্য হবে না।

আনলিমিটেড হিসেবে চালু করা প্যাকেজগুলোর মেয়াদ এক বছর।