উইন্ডোজ কম্পিউটার ও ম্যাকবুকের সঙ্গে সিঙ্ক ফিচার বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কনজিউমার ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী ও ফিটনেস প্রতিষ্ঠান ফিটবিট। নাইনটুফাইভগুগলের এক সাপোর্ট পেজ সূত্রে এ তথ্য জানা গিয়েছে। খবর এনগ্যাজেট।

প্রতিষ্ঠানটি জানায়, আগামী ১৩ অক্টোবর থেকে কানেক্ট অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের কম্পিউটারের সঙ্গে সিঙ্ক করার অপশন বন্ধ করে দেবে। ওই সময়ের পর থেকে ডিভাইসের তথ্য স্থানান্তর করতে হলে ফিটবিট মোবাইল অ্যাপ ব্যবহারের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করতে হবে। ডিভাইস থেকে কম্পিউটারে সিঙ্ক্রোনাইজের এ সুবিধা বন্ধ করে দেয়া হলে অনেক ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ অফলাইনে ডিভাইসে পছন্দের গান স্থানান্তরের আরেকটি পথ বন্ধ হয়ে যাবে।

আরেকটি আলাদা সাপোর্ট পেজে দেয়া বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ২০২২ সালের ১৩ অক্টোবর থেকে কম্পিউটারের মাধ্যমে ফিটবিট ডিভাইসে পছন্দের গান পাঠানোর সুবিধা বন্ধ করে দেয়া হবে। তবে ব্যবহারকারীরা আগে থেকে সংরক্ষিত গান বাজাতে পারবে। পাশাপাশি নতুন গান যুক্ত করতে হলে ডিজার বা প্যান্ডোরা অ্যাপ ব্যবহার করতে হবে।

অন্য অর্থে কোনো ব্যবহারকারী যদি ফিটবিট ট্র্যাকার বা স্মার্টওয়াচের মাধ্যমে গান শুনতে চায় তাহলে বর্তমানে প্রচলিত নয় এমন দুটি সফটওয়্যারের ওপর নির্ভর করতে হবে। পিক্সেলের স্মার্টওয়াচ ফিটবিটের সঙ্গে গভীরভাবে কাজ করার সুবিধা দিলেও সেটি নতুন ব্যবহারকারীদের জন্য তেমন কোনো সমস্যা তৈরি করবে না। তবে পুরনো ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছে না।