আনুষ্ঠানিকভাবে নিজেদের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্লাটফর্ম ‘হেলথ হাব’ চালু করেছে বাংলালিংক। মাইবিএল অ্যাপের একটি ফিচার হিসেবে যুক্ত হওয়া এ প্লাটফর্ম বাংলালিংক গ্রাহকদের জন্য ওয়ান-স্টপ হেলথ সলিউশনের কাজ করবে। হেলথ হাবের পার্টনার ডাক্তারভাই, ডকটাইম ও পালসের বিভিন্ন ধরনের ডিজিটাল স্বাস্থ্যসেবা বাংলালিংক গ্রাহকরা এ প্লাটফর্মের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে গ্রহণ করতে পারবেন।
আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হেলথ হাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ভিওন গ্রুপের সিইও কান তেরজিওগ্লো, বাংলালিংকের সিইও এরিক অস, হেলথ কেয়ার ইনফরমেশন সিস্টেমের ব্যবস্থাপনা পরিচালন রায়হান শামসি, ডকটাইমের শীর্ষ নির্বাহী উইলিয়াম ডেলইয়েল ও প্রতিষ্ঠানগুলোর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হেলথ হাবের মাধ্যমে ডাক্তারের পরামর্শ, বীমা, হোম স্যাম্পল কালেকশন, মেডিসিন ডেলিভারির পাশাপাশি গ্রাহকরা আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন। বিশেষ দৈনিক, মাসিক ও বার্ষিক প্যাকেজে সাবস্ক্রাইব করে এ সুবিধাগুলো পাওয়া যাবে। হেলথ হাব সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে বাংলালিংকের ওয়েবসাইট ও মাইবিএল অ্যাপে।
আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তথ্যপ্রযুক্তির অগ্রগতিকে কাজে লাগিয়ে হেলথ হাবের মতো উদ্যোগ দেশের স্বাস্থ্য খাতকে ডিজিটাল করার প্রক্রিয়া ত্বরান্বিত করবে।









