নতুন আইফোন উৎপাদন বাড়ানোর পরিকল্পনা থেকে সরে এসেছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রত্যাশা অনুযায়ী চাহিদা না বাড়ায় এ সিধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রভিক্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। খবর ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের দ্বিতীয়ার্ধে অতিরিক্ত ৬০ লাখ আইফোন ১৪ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল অ্যাপল। তবে সরবরাহকারীদের এ লক্ষ্যমাত্রা থেকে সরে আসতে বলেছে প্রতিষ্ঠানটি। এর পরিবর্তে এ সময়ে নয় কোটি হ্যান্ডসেট উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি, যা আগের বছরের উৎপাদনের সমপরিমাণ।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বিশ্বের বিভিন্ন বাজারে উচ্চমূল্যের আইফোন ১৪ প্রো মডেলের চাহিদা এন্ট্রি লেভেল ভার্সনগুলোর চেয়ে শক্তিশালী পর্যায়ে রয়েছে। এ কারণে অ্যাপল সরবরাহকারীরা কম মূল্যের আইফোন উৎপাদনের সক্ষমতা থেকে সরে গিয়ে প্রিমিয়াম মডেল উৎপাদনের ক্ষমতা স্থানান্তর করছে। আগে আইফোন ১৪ উন্মোচনের পূর্ববর্তী সপ্তাহগুলোয় অ্যাপল বিক্রির পূর্বাভাসে পরিবর্তন এনেছিল।