ল্যাপটপের মতো পিসিতে আলাদা ব্যাটারি সিস্টেম না থাকায় কাজ করা অবস্থায় বিদ্যুৎ চলে গেলে তা সমস্যা বাড়ায়। এর সমাধানে নতুন একটি কম্পিউটার তৈরি করেছেন দক্ষিণ কোরিয়ার গবেষকরা। ডিভাইসটির মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো সময় বিদ্যুৎ ছাড়াই তথ্য সংরক্ষণ করতে পারবেন। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
বিদ্যুতের ব্যবহার কমাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে কোরিয়ার অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি) সূত্রে জানা গেছে। কেএআইএসটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রফেসর জাং মায়াং সু গবেষক দলের প্রতিনিধিত্ব করছেন। গবেষণা দলটি লাইটওয়েট পারসিসট্যান্স সেন্ট্রিক সিস্টেম বা লাইট পিসি আবিষ্কার করেছে। কেএআইএসটির তথ্যানুযায়ী এটি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও তথ্য সংরক্ষণ করতে পারবে।
কোরিয়ার অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি) জানায়, অধিকাংশ কম্পিউটারে প্রধান মেমোরি স্টোরেজ হিসেবে বর্তমানে ডায়নামিক র্যান্ডম অ্যাকসেস মেমোরি (ডির্যাম) চিপ ব্যবহার হয়। ডির্যাম চিপ যে শুধু অধিক বিদ্যুৎই ব্যবহার করে তা নয়, কম্পিউটার বন্ধ হয়ে গেলে এটি তথ্য সংরক্ষণ করতে পারে না।
২০১৫ সালে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল অপ্টেন মেমোরি নামে একটি পণ্য বাজারজাত করে। কম্পিউটার বন্ধ অবস্থায় তথ্য সংরক্ষণে এটি ব্যবহার করা হতো। তবে গতি কম থাকায় এটি সব তথ্য সংরক্ষণ করতে পারত না। ডাটা সেন্টারসহ অন্যান্য উচ্চক্ষমতাসম্পন্ন প্রযুক্তি কম্পিউটার চেকপয়েন্টিং প্রযুক্তি ব্যবহার করে। যেটি তথ্য হারানো বন্ধে প্রতিনিয়ত সলিড স্ট্রেট ড্রাইভে তথ্য পাঠাতে থাকে। তবে এটি সম্পাদনে অধিক সময় ও শক্তির প্রয়োজন হয়। বিদ্যুৎ চলে গেলে এটি চালু করতে হলে পুরো ডিভাইস রিবুট করতে হয়।
বর্তমানে প্রচলিত প্রযুক্তির নেতিবাচক দিকের কথা উল্লেখ করে গবেষণা দলটি জানায়, পারসিসট্যান্ট মেমোরি প্রসেসর বা লাইট পিসিতে কোনো রিবুট কার্যক্রমের প্রয়োজন হয় না। নতুন কম্পিউটারটি ৭৩ শতাংশ কম বিদ্যুৎ ব্যবহার করে। জাং আরো বলেন, বড় কম্পিউটার মেমোরি ও বিশ্বাসযোগ্য পরিষেবার ক্ষেত্রে লাইট পিসি ডাটা সেন্টার ও অন্যান্য প্রতিষ্ঠানকে কার্বন নিঃসরণের মাত্র শূন্যে নামিয়ে আনতে সহায়তা করবে।
তিনি আরো বলেন, গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তিটি যানবাহন, মোবাইল ও ইন্টারনেট অব থিংসের ব্যাটারি বা শক্তি ব্যবহার কমাতে সাহায্য করবে। জুনে জাংয়ের দল নিউইয়র্কে অনুষ্ঠেয় কম্পিউটার আর্কিটেকচারের আন্তর্জাতিক সিম্পোজিয়ামে লাইট পিসির গবেষণাপত্র উপস্থাপন করবে।










