আইওএস প্লাটফর্মের ব্যবহারকারীদের জন্য রিঅ্যাকশন ফিচার নিয়ে কাজ করছে ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে অ্যাপসটির বেটা ভার্সনে রিঅ্যাকশন নোটিফিকেশন নিয়ন্ত্রণ ও টোন পরিবর্তনের ফিচার নিয়ে আসা হয়েছে। খবর আইএএনএস।
ওয়াবেটাইনফোর বরাতে নাইনটুফাইভম্যাক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত কিংবা গ্রুপ মেসেজের ক্ষেত্রে ব্যবহারকারীরা যেভাবে নোটিফিকেশন পেয়ে থাকেন, রিঅ্যাকশনের ক্ষেত্রেও তারা এমন নোটিফিকেশন পাবেন। নতুন এ ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ কাজ শুরু করলেও পাবলিক বেটা ব্যবহারকারীরা এখনো এ ফিচার ব্যবহারের সুযোগ পাননি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আগে প্রকাশিত এক প্রতিবেদনে ওয়াবেটাইনফো জানিয়েছিল যে ব্যবহারকারীরা মেসেজে ইচ্ছামতো রিঅ্যাকশন ব্যবহার করতে পারবেন। তবে ৯৯৯-তে পৌঁছানোর পর একটি প্লাস (+) আইকন
প্রদর্শিত হবে এবং সে সময় থেকে রিঅ্যাকশন গণনা বন্ধ হয়ে যাবে।
আইওএসের নতুন এ ফিচারের পাশাপাশি মাল্টি ডিভাইস সাপোর্ট ভার্সন ২ নিয়েও কাজ করছে এ মেসেজিং প্লাটফর্ম। এ ফিচার চালু হলে আইপ্যাডের জন্য আলাদা অ্যাপস তৈরি করবে হোয়াটসঅ্যাপ এবং ব্যবহারকারীরা ইন্টারনেট কানেকশন ছাড়া কিংবা ফোন চালু বা বন্ধ অবস্থায় অ্যাপস ব্যবহার করতে পারবেন।
বর্তমানে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ ভার্সনের বেটা ব্যবহারকারীরা মাল্টি ডিভাইস বেটা প্রোগ্রামে অংশ নিতে পারছেন। এ প্রোগ্রামের আওতায় ব্যবহারকারীরা কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই চারটি ডিভাইসে একত্রে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।










