আগে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী গ্যালাক্সি এস২৩ সিরিজের ডিভাইসগুলোয় এক্সিনোজের পরিবর্তে কোয়ালকমের চিপসেট ব্যবহার করবে স্যামসাং। চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন উপস্থাপনের সময় কোয়ালকমের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) এটি নিশ্চিত করেছেন। খবর গিজমোচায়না।
সব প্রতিবন্ধকতা পেরিয়ে বিশ্বের সব বাজারে একই প্রসেসরসহ স্মার্টফোনটি বাজারজাত করা হবে। পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহারের মাধ্যমে ২০২৩ সালের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠান ভালো প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছে। এছাড়া স্যামসাংয়ের প্রিমিয়াম ক্যাটাগরির সেলফোনগুলোয় আগামী কয়েক বছর কোয়ালকমের চিপসেট ব্যবহারে দীর্ঘমেয়াদি চুক্তির বিষয়েও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ বাজারজাত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট ব্যবহার করা হবে। গিকবেঞ্চে গ্যালাক্সি এস২৩, এস২৩প্ল্যান ও এস২৩ আল্ট্রার উন্নত বৈশিষ্ট্যের তথ্যা পাওয়া গেছে। বিশেষ করে চিপসেটে ১+২+২+৩ কোর কনফিগারেশন ও সর্বোচ্চ ৩ দশমিক ৩৬ গিগাহার্টজ ক্লকিং স্পিড রয়েছে।
আগে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্যানুযায়ী, গ্যালাক্সি এস২৩-তে ৬ দশমিক ১ ইঞ্চির এসঅ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অন্যদিকে গ্যালাক্সি এস২৩ প্লাসে ৬ দশমিক ৬ ইঞ্চির এসঅ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স ও ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থাকতে পারে। সেলফির জন্য ডিভাইসের সম্মুখে ১২ মেগাপিক্সেলের সেন্সর দেয়া হতে পারে। গ্যালাক্সি এস২২ সিরিজের ডিভাইসগুলোর মতো এস২৩ সিরিজের জন্যও ২৫ ওয়াটের র্যাপিড চার্জিং প্রযুক্তি এবং কিছুটা বেশি ব্যাটারি থাকতে পারে।










