৪ হাজার ৪০০ কোটি ডলারের অধিগ্রহণ চুক্তি থেকে সরে আসায় ইলোন মাস্কের বিরুদ্ধে মামলা করেছিল টুইটার। সে মামলা নিষ্পত্তির সময় পেছানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৭ অক্টোবর কার্যক্রম শুরু হবে। এবার পাঁচদিনের মধ্যে মামলা নিষ্পত্তির প্রতিশ্রুতি চেয়েছে মাইক্রোব্লগিং প্লাটফর্মটি। খবর রয়টার্স।

ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা যাচাইয়ে সময়ের প্রয়োজন উল্লেখ করে মামলার কার্যক্রম শুরুর সময় পেছানো আবেদন করেছিলেন ইলোন। সে সময় তিনি ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে মামলা শুরুর আবেদন করেছিলেন। তবে একজন বিচারক তিন মাসের মধ্যে মামলার কার্যক্রম শুরুর বিষয়ে রুল জারি করলে ১৭ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়।

ভুয়া অ্যাকাউন্টের বিষয়টিকে একটি বিভ্রান্তি বলে অভিহিত করেছে টুইটার। পাশাপাশি মাস্ককে দ্রুত অধিগ্রহণ কার্যক্রম শুরুর জন্য চাপ প্রয়োগ করে। কেননা দোদুল্যমান প্রক্রিয়া প্লাটফর্মটির ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব ফেলছে। আদালতের কাছে জমা দেয়া আবেদনে প্লাটফর্মটি জানায়, পাঁচদিনের মধ্যে মামলা মীমাংসার বিষয়ে ইলোন মাস্কের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি।

আবেদনে আরো বলা হয়, টুইটার মামলা দ্রুত নিষ্পত্তিতে মাস্কের প্রতিশ্রুতি চায়। কেননা প্লাটফর্মটির আশঙ্কা মাস্ক আবারো মামলা শুরুর সময় পেছানোর আবেদন করতে পারে। যা আদালতের অভিযান আদেশের পরিপন্থী।

মার্কিন ধনকুবের ও টেসলার মালিক ইলোন মাস্কের আইনজীবীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া চুক্তি বাস্তবায়নে টুইটারের বিরুদ্ধে ইলোন মাস্ক নথি না পাওয়ার যে অভিযোগ করেছে সেটিও নাকোচ করে দিয়েছে প্লাটফর্মটি।