গেমিং বর্তমান সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি খাত। যেকোনো দেশের অর্থনীতিতে আয়ের মাধ্যম হিসেবে এর প্রভাবও রয়েছে। তবে প্রযুক্তি খাতের উন্নয়নের যুগে গেমের মাধ্যমে সাইবার হামলা ও ম্যালওয়্যার ছড়ানোর প্রচেষ্টা দীর্ঘদিন থেকে চলমান। প্রচলিত ও জনপ্রিয় গেম মাইনক্রাফটের মাধ্যমে আবারো ইনফোস্টিলার ম্যালওয়্যার ছড়ানোর চেষ্টা চালিয়েছে হ্যাকাররা। খবর টেকরাডার।

ম্যালওয়্যারটি ক্রিপ্টোকারেন্সি লেনদেন, ডিসকর্ডের অথেনটিকেশন টোকেন, ব্রাউজারে থাকা কুকিজ ও লগ ইন তথ্যও হাতিয়ে নিতে সক্ষম। রোমানিয়াভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটডিফেন্ডারের গবেষকরা জানান, নাম না জানা এক দল হ্যাকার কার্সফোর্জ ও বুকিটের একাধিক ডেভেলপারের অ্যাকাউন্টে অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছে। এগুলো মূলত মডিং কমিউনিটি। যেখানে মাইনক্রাফটের অনুসারীরা এক হয়ে গেমের বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্লাগইন শেয়ার করে।

হ্যাক করা অ্যাকাউন্টগুলোয় থাকা মডস ও প্লাগইনে ইনফোস্টিলিং ম্যালওয়্যার যুক্ত করে দেয়া হয়। গবেষকরা জানান, যেসব মডে ম্যালওয়্যার যুক্ত করা করা হয়েছে, সেগুলো কয়েক লাখের বেশিবার ডাউনলোড করা হয়েছে। বিশ্লেষকরা জানান, ২০২৩ সালের ২৪ এপ্রিল প্রথম পর্যায়ে ম্যালওয়্যার সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। যে কারণে বর্তমানে অনেক ফিচার পাওয়া যাচ্ছে না। হ্যাকাররা সক্রিয়ভাবে ম্যালওয়্যার ছড়ানোর চেষ্টা চালাচ্ছে বলে সতর্ক করেন তারা। বর্তমানে হ্যাকাররা লিনাক্স ও উইন্ডোজহ এন্ডপয়েন্টে আক্রমণের চেষ্টা চালাচ্ছে।