ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তার উন্নয়নে এজ ব্রাউজারে ফ্রি বিল্ট-ইন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) যুক্ত করছে মাইক্রোসফট। সম্প্রতি প্রতিষ্ঠানটির একটি সাপোর্ট পেজ সূত্রে এ তথ্য জানা গেছে। খবর দ্য ভার্জ।
এজ সিকিউর নেটওয়ার্ক নামে ভিপিএনটি পরিচিত। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি ক্লাউডফেয়ারভিত্তিক ভিপিএন পরিষেবার পরীক্ষা চালাচ্ছে। নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন অংশ হিসেবে ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হবে বলে জানা গেছে।
ব্রাউজারে চালুর পর এজ সিকিউর নেটওয়ার্ক ব্যবহারকারীদের ওয়েব ট্রাফিক এনক্রিপ্ট করে দেবে। ফলে ইন্টারনেট পরিষেবা প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো বিষয়ের অনুসন্ধানসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারবে না। নতুন ফিচারটি ভার্চুয়াল আইপি অ্যাড্রেস ব্যবহারের মাধ্যমে অবস্থান গোপন করার সুবিধা দেবে। ফলে ব্যবহারকারীরা তাদের দেশে যেসব স্ট্রিমিং পরিষেবা বন্ধ রয়েছে, সেগুলোও ব্যবহার করতে পারবে।
ভিপিএন পরিষেবা চালু করলেও এর ব্যবহারে সীমাবদ্ধতা রয়েছে। একজন ব্যবহারকারী এক মাসে সর্বোচ্চ ১ গিগাবাইট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ফিচারটি ব্যবহারে মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। এর মাধ্যমে মাইক্রোসফট ইন্টারনেট ব্যবহার অনুসরণ করতে পারবে। মাইক্রোসফট জানায়, ভিপিএন পরিষেবার মাধ্যমে ক্লাউডফেয়ার সাপোর্ট ও পরিচালনগত তথ্য সংগ্রহ করবে। তবে ২৫ ঘণ্টা পরপর এসব তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ফিচারটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। যে কারণে এটির পরীক্ষাও শুরু করা যায়নি।
তবে মাইক্রোসফট ফিচারটির প্রিভিউ পাওয়ার একটি উপায় বলে দিয়েছে। অর্থাৎ শিগগিরই প্রতিষ্ঠানটি মাইক্রোসফট এজ ইনসাইডার চ্যানেলে ফিচারটির একটি সংস্করণ উন্মুক্ত করবে। ব্যবহারকারীরা এখানে যোগ দিতে পারবেন এবং এটি ডাউনলোড করতে পারবেন।
একবার ফিচারটি ডাউনলোড করার পর এজ ব্রাউজার চালু করে ব্যবহারকারীরা প্রিভিউ ভার্সন পরীক্ষা করতে পারবেন। তবে এর আগে নতুন মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি বা বিদ্যমান অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পর ব্রাউজারের ফ্রেমে একটি সলিড শিল্ড আইকন দেখা যাবে।










