অডিও স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাইয়ের সঙ্গে অংশীদারিত্বের ইতি টানতে যাচ্ছেন বারাক ওবামা ও মিশেল ওবামা দম্পতি। সম্প্রতি অ্যামাজনের অডিও বই ও পডকাস্ট প্রকাশনা প্লাটফর্ম অডিবলের সঙ্গে কয়েক বছরের নতুন পডকাস্ট চুক্তি করেছে ওবামা দম্পতির মিডিয়া কোম্পানি হায়ার গ্রাউন্ড প্রডাকশনস। খবর দ্য ভার্জ।

এপ্রিলেই খবর রটেছিল স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাইয়ের সঙ্গে পডকাস্ট চুক্তি নবায়ন করছেন না ওবামা দম্পতি। সে সময় এক প্লাটফর্মের সঙ্গে এক্সক্লুসিভ ডিলের বিকল্প হিসেবে একাধিক প্লাটফর্মের সঙ্গে কয়েক কোটি ডলারের নতুন চুক্তির চেষ্টা করছিল ওবামা দম্পতির প্রযোজনা প্রতিষ্ঠান। স্পটিফাইয়ের সঙ্গে তিন বছরের চুক্তি শেষে এখন অডিবলের সঙ্গে নতুন অডিও কনটেন্ট প্রযোজনা ও প্রচারের লক্ষ্যে চুক্তি করেছেন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট ও সাবেক ফার্স্ট লেডি।

মঙ্গলবার ওবামা দম্পতি ও অডিবলের মধ্যে নতুন চুক্তির ঘোষণা এলেও এর খুঁটিনাটি গোপন রেখেছে উভয় পক্ষই। তবে নতুন চুক্তির ফলে অডিবল একই খাতের অন্য প্রতিষ্ঠানগুলোর আগে ওবামা দম্পতির নতুন কনটেন্ট দেখা ও শোনার সুযোগ পাবে বলে জানায় অ্যামাজন।

উল্লেখ্য, স্পটিফাইয়ের সঙ্গে হায়ার গ্রাউন্ডের চুক্তি হয়েছিল ২০১৯ সালে। আড়াই কোটি ডলারের চুক্তির অংশ হিসেবে দ্য মিশেল ওবামা পডকাস্ট এবং বর্ন ইন দ্য ইউএসএর মতো একাধিক অনুষ্ঠান প্রযোজনা করেছে দুই কোম্পানির জোট। বর্ন ইন দ্য ইউএসএতে তারকা সংগীত শিল্পী ব্রুস স্প্রিংস্টিনের সঙ্গে বারাক ওবামার আলাপচারিতা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টকে এক ভিন্ন আলোয় উপস্থাপন করেছে।

গত এপ্রিলে ওবামা দম্পতির সঙ্গে চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছিল স্পটিফাই। সে সময়েই মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছিল, স্পটিফাইয়ের সঙ্গেও নতুন চুক্তি নিয়ে আলাপ করেছিল ওবামা দম্পতির প্রযোজনা প্রতিষ্ঠান। নতুন কোনো প্রস্তাব দিতে রাজি হয়নি স্ট্রিমিং প্লাটফর্মটি। ওবামা দম্পতির দাবি ছিল বিভিন্ন প্লাটফর্মে তাদের কনটেন্ট শেয়ারের সুযোগ দেয়ার। কিন্তু স্পটিফাই শুধু নিজেদের প্লাটফর্মে এক্সক্লুসিভ রাখতে চেয়েছে তাদের কনটেন্ট। অধিক মানুষের কাছে পৌঁছতে নিজেদের কনটেন্ট শেয়ারের সুযোগ নিতে বিভিন্ন প্লাটফর্মের সঙ্গে যোগাযোগ চালিয়ে যায় ওবামা দম্পতির প্রযোজনা প্রতিষ্ঠান।

এরপর একাধিক প্লাটফর্মের সঙ্গে কয়েক কোটি ডলারের নতুন চুক্তি চেষ্টার অংশ হিসেবে অ্যামাজনের ‘অডিবল’ ও ‘আইহার্টমিডিয়া’র মতো একাধিক প্লাটফর্মের সঙ্গে আলোচনায় বসে ওবামা দম্পতির প্রযোজনা প্রতিষ্ঠান। অডিবল বিনা খরচে অনেক পডকাস্ট, অডিও বই এমনকি অরিজিনাল সিরিজও উপভোগের সুযোগ দেয়। তবে প্লাটফর্মটির প্রিমিয়াম সেবা পেতে মাসিক ৭ দশমিক ৯৫ ডলার গুনতে হতে পারে গ্রাহককে। ওবামা দম্পতির পডকাস্ট খুব সম্ভব ওই প্রিমিয়াম সেবার আওতাভুক্ত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সাম্প্রতিক বছরগুলোয় পডকাস্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এক প্লাটফর্মে সীমিত থাকলে কনটেন্ট ক্রিয়েটরদের রিচ কমে যায়। পডকাস্টের ক্ষেত্রে ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় ক্রিয়েটরদের একজন ছিলেন জো রোগান। কিন্তু তিনি যখন স্পটিফাইয়ের সঙ্গে ২০ কোটি ডলারের এক্সক্লুসিভ চুক্তিতে যান তখন তার পডকাস্টের শ্রোতা অনেক কমে যায়। ২০২০ সালের মে মাসে স্বাক্ষরিত চুক্তিটির মেয়াদ সাড়ে তিন বছর।

সম্প্রতি লকড অন নামে এক স্পোর্টস পডকাস্টার দ্য ভার্জকে জানান, তার মোট শ্রোতা-দর্শকের এক-পঞ্চমাংশ আসছে ইউটিউব থেকে। স্পষ্টত ওবামা দম্পতিও চান তাদের কনটেন্ট একাধিক প্লাটফর্মে শেয়ারের সুযোগ থাকুক। এতে তারা বিস্তৃত অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবেন। অ্যামাজনের অডিবলের সঙ্গে সাম্প্রতিক চুক্তিতে এ আকাঙ্ক্ষারই প্রকাশ ঘটেছে।