২০২৫ সাল নাগাদ ফাইভজি অবকাঠামো তৈরিতে ভারতের টেলিকম কোম্পানিগুলো ১ হাজার ৯৫০ কোটি ডলার বিনিয়োগ করবে। জিএসএমএ প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গিয়েছে। খবর আইএএনএস।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ থেকে ২০৪০ সালের মধ্যে ফাইভজি নেটওয়ার্ক বিস্তার ভারতের অর্থনীতিতে ৪৫ কোটি ৫০ লাখ ডলার যুক্ত করবে, যা ২০৪০ সালে দেশটির জিডিপি পূর্বাভাসের দশমিক ৬ শতাংশ বেশি। এর মাধ্যমে দেশটিতে ফাইভজি ব্যবহারের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে, যা ভারতীয় অর্থনীতির মূল খাতগুলোর জন্য প্রায়োগিক হবে।

খুচরা বাজার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি খাতসহ নতুন খাতে ফাইভজির সুবিধা পাওয়া যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ভারত সরকার ফাইভজির বর্তমান চাহিদা পূরণে দুটি নেটওয়ার্ক পরিষেবা প্রতিষ্ঠানকে ২৫০ মেগাহার্টজ করে ই-ব্যান্ড বরাদ্দ দিয়েছে। তবে বর্তমান চাহিদার পরিপ্রেক্ষিতে এ বরাদ্দ যথেষ্ট নয় বলে ধারণা করছেন বিশ্লেষক ও গবেষকরা।

স্পেকট্রাম বণ্টনের ক্ষেত্রে পরিষ্কার নীতিমালা থাকা প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ভারতের উৎপাদন, জ্বালানি শক্তি ও সম্পদ, ব্যাংকিং, পরিবহন, স্বাস্থ্যসেবা, খেলাধুলা ও খুচরা বাজারকে ডিজিটালে রূপান্তরের জন্য ফাইভজি অন্যতম মাধ্যম হিসেবে কাজ করবে।