দেরিতে হলেও অ্যাপল বিশ্বব্যাপী এর কারখানাগুলো দ্রুত সম্প্রসারণ করছে। অ্যাপল মাত্র একটি উৎসের ওপর নির্ভর করার ঝুঁকি কমাতে চায়। তাই উৎপাদন সুবিধায় বৈচিত্র্য আনার মাধ্যমে বিভিন্ন বাজারে প্রবেশ করার লক্ষ্যে কাজ করছে কোম্পানিটি। এর অংশ হিসেবে ভিয়েতনামে নতুন কারখানা স্থাপন করবে পণ্য সরবরাহকারী কোম্পানি কম্পাল ইলেকট্রনিকস। খবর গিজমোচায়না।
ভিয়েতনামের লিয়ানহেতাই ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি অত্যাধুনিক কারখানা নির্মাণের জন্য গ্রিন আই পার্ক কোম্পানির সঙ্গে একটি বিনিয়োগ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কম্পাল। ২৬০ কোটি ডলারের বিশাল বিনিয়োগে প্রকল্পটি উৎপাদন খাতে প্রভাব বিস্তার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কারখানা স্থাপনের পর এখানে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করা হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে রয়েছে কম্পিউটার, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ ও অ্যাকসেসরিজ, যোগাযোগ সরঞ্জাম, গৃহস্থালি পণ্য ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশ থাকবে।
২০২৯ সাল নাগাদ, কারখানাটির আয় ১২০ কোটি ডলার হবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিকভাবে, পরীক্ষামূলক পর্যায়ে ২০২৪-এর প্রথম প্রান্তিকে উৎপাদনে যাবে, আর দ্বিতীয় প্রান্তিক থেকে পুরোদমে উৎপাদন করবে। উচ্চাভিলাষী এই পরিকল্পনার লক্ষ্য ২০২৬ সালের মধ্যে এ কারখানায় ১ কোটি ২০ লাখ পণ্য তৈরি করা।
কারখানা স্থাপনের এ উদ্যোগের অর্থনৈতিক প্রভাব বিশাল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আশা করা হচ্ছে, ২০২৯ সাল নাগাদ কারখানার আনুমানিক আয় ১২০ কোটি ডলারে পৌঁছবে। শিল্প বিশেষজ্ঞরা ২০৩৭ সালের মধ্যে ৬৮০ কোটি ডলার পরিমাণ রাজস্ব বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন।










