ব্যাটারি চার্জার ছাড়া আইফোন বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রাজিল সরকার। ভোক্তাদের কাছে অসম্পূর্ণ পণ্য দিচ্ছে এমন অভিযোগে এ পদক্ষেপ নিয়েছে লাতিন আমেরিকার দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইফোন ১২ মডেলের সঙ্গে চার্জার না দেয়ার কারণে ১ কোটি ২২ লাখ ৭৫ হাজার রিয়াল বা ২৩ লাখ ৮০ হাজার ডলার জরিমানা করেছে ব্রাজিলের বিচার মন্ত্রণালয়। একই সঙ্গে চার্জার ছাড়া আইফোন বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

একটি অফিশিয়াল গেজেটে দেশটির বিচার মন্ত্রণালয় জানায়, আইফোন প্রয়োজনীয় এ যন্ত্রাংশ না থাকা ভোক্তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ। কার্বন নিঃসরণ কমাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে অ্যাপল যে যুক্তি দেখাচ্ছে তা প্রত্যাখ্যান করেছে দেশটির সর্বোচ্চ নীতিনির্ধারণকারী দপ্তরটি। তারা বলছে, অ্যাপল পরিবেশসচেতন হলে ইউএসবি-সি চার্জার সরবরাহ করত। চার্জার ছাড়া গ্যাজেট বিক্রির মাধ্যমে ভোক্তাদের সঙ্গে স্বেচ্ছায় বৈষম্যমূলক আচরণ করছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি।

চার্জার না দেয়ার পেছনে যুক্তি দেখিয়ে ২০২১ সালে একটি এনভায়রনমেন্টাল প্রোগ্রেস রিপোর্ট পেশ করেছিল অ্যাপল। সেখানে তারা দাবি করে, এর মাধ্যমে ৮ লাখ ৬১ হাজার টন কপার, জিঙ্ক ও টিন বাঁচাচ্ছে। এছাড়া এর মাধ্যমে জাহাজীকরণ ব্যয় কমাতে সক্ষম হয়েছে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।