গুগল প্লে স্টোরে বর্তমানে কোনো অ্যাপের ভার্সন নাম্বার দেখা যাচ্ছে না। এর পরিবর্তে সর্বশেষ আপডেটের তারিখ দেখানো হচ্ছে। গুগলের এমন উদ্যোগের কারণে ব্যবহারকারীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য আড়ালে থেকে যাচ্ছে। খবর গ্যাজেটসনাউ।
কিছু কিছু সময় গুগল এমন কিছু পদক্ষেপ নেয় যা বোধগম্য হয় না। ভার্সন নাম্বার না দেখানোর বিষয়টিও এর অন্তর্গত। অ্যান্ড্রয়েডের গুগল প্লে স্টোরে প্রবেশ করে কোনো অ্যাপের অ্যাবাউটে ক্লিক করলে সেখানে কোনো ভার্সন নাম্বার দেখা যায় না। তবে এটি শুধু যুক্তরাষ্ট্রের বেটা ভার্সন ব্যবহারকারীদের অ্যাপ স্টোরে দেখা যাচ্ছে। অন্যদিকে ইউরোপের ব্যবহারকারীরা সবসময় এ তথ্য দেখতে পায়। তবে সেখানেও শিগগিরই এটি বন্ধ হয়ে যাবে। এখন থেকে অ্যাপটি সর্বশেষ কবে আপডেট করা হয়েছে সেটি ছাড়া আর কোনো তথ্য দেখা যাবে না। যুক্তরাষ্ট্রে ওয়েব ভার্সন ব্যবহারকারীরা এখনো অ্যাপ নাম্বার দেখতে পারছে। দেশটিতে অ্যাপের ভার্সন নাম্বার না দেখার বিষয়টি কেন চালু করা হয়েছে সে বিষয়ে গুগলের পক্ষ কিছু জানানো হয়নি।










