র‍্যানসমওয়্যারসহ অন্যান্য সাইবার হামলা প্রতিরোধে নতুন ম্যানেজড সিকিউরিটি সলিউশন চালুর উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। এ সলিউশনে অভিজ্ঞ প্রযুক্তির পাশাপাশি মানব পরিচালিত পরিষেবা থাকবে। খবর টেকরাডার।

গত বছর যুক্তরাষ্ট্রের অপারেটিং সিস্টেম জায়ান্টটি একাই ৯৬০ কোটির বেশি ম্যালওয়্যার থ্রেট ও ৩ হাজার ৫০০ কোটির বেশি ফিশিং এবং অন্যান্য ক্ষতিকর ই-মেইল ব্লক করেছে। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ২৫০ জনের বেশি হ্যাকার ও ৩৫টি র‍্যানসমওয়্যার ফ্যামিলি শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি। তবে ক্রমবর্ধমান সাইবার অপরাধ মোকাবেলায় শুধু প্রযুক্তি কার্যকর নয়।

সম্প্রতি ব্লগপোস্টে দেয়া এক ঘোষণায় মাইক্রোসফটের সিকিউরিটি, কমপ্লায়েন্স, আইডেনটিটি ও ম্যানেজমেন্ট বিভাগের করপোরেট ভিপি ভাসু জাকাল বলেন, মাইক্রোসফট সিকিউরিটি এক্সপার্টস বিভাগের আওতায় প্রতিষ্ঠানটি তাদের বিদ্যমান নিরাপত্তা পরিষেবার পরিধি বাড়াচ্ছে। যেখানে মানব পরিচালনা ও অভিজ্ঞ প্রযুক্তি ব্যবহার করা হবে।

সহযোগী প্রতিষ্ঠানের ইনপুট ইকোসিস্টেমের ভিত্তিতে মাইক্রোসফট নতুন তিনটি সেবার ডিজাইন করেছে। যেগুলো নতুন করে কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ দেয়ার পরিবর্তে বিদ্যমানদের মধ্য থেকে অভিজ্ঞদের নির্বাচনে সহায়তা করবে। প্রথমত, মাইক্রোসফট ডিফেন্ডার এক্সপার্টস ফর হান্টিং মূলত সেসব প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে, যারা এরই মধ্যে নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় শক্তিশালী কেন্দ্র স্থাপন করেছে। কিন্তু প্রতিষ্ঠানগুলো মাইক্রোসফট ডিফেন্ডার, এন্ডপয়েন্ট, অফিস ৩৬৫ ও ক্লাউড অ্যাপ্লিকেশনে হ্যাকারদের শনাক্তে মাইক্রোসফটের সহায়তা গ্রহণে আগ্রহী। এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা তাদের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন রিকমেন্ডেশন পাবেন।

মাইক্রোসফট ডিফেন্ডার এক্সপার্টস ফর এক্সডিআর সেসব প্রতিষ্ঠানের জন্য, যারা বর্ধিত শনাক্তকরণ ও প্রতিক্রিয়া পদ্ধতির মাধ্যমে তাদের নিরাপত্তা কার্যক্রম পরিচালনার পরিধি বাড়াতে চায়। সবশেষে রয়েছে মাইক্রোসফট সিকিউরিটি সার্ভিস ফর এন্টারপ্রাইজ। এটি খুবই জটিল এবং অভিজ্ঞদের পরিচালিত একটি পরিষেবা। এর মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের নির্ধারিত নিরাপত্তা বিশেষজ্ঞরা প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি কোনো ঘটনার দ্রুত সমাধানে পদক্ষেপ নিতে পারে।

মাইক্রোসফট ডিফেন্ডার এক্সপার্টস ফর হান্টিং শিগগিরই বাজারে আনা হবে। বর্তমানে এর প্রিভিউ ভার্সন চালু রয়েছে। আগামী বসন্তে মাইক্রোসফট ডিফেন্ডার এক্সপার্টস ফর এক্সডিআর আনা হবে।