সম্প্রতি পরিচালিত এক সাইবার হামলায় ভিডিও হোস্টিং প্লাটফর্ম টিকটকের ডাটাবেজ থেকে সোর্স কোড ও ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেয়ার দাবি করেছে হ্যাকাররা। তবে এ দাবি নাকোচ করে দিয়েছে বাইটড্যান্স মালিকানাধীন প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট।

প্লাটফর্মটি ব্লুমবার্গকে জানায়, হ্যাকাররা যে সোর্স কোড প্রকাশ করেছে সেগুলোর সঙ্গে টিকটকের ব্যাকএন্ড কোডের কোনো সম্পর্ক নেই। ব্লিপিং কম্পিউটার জানায়, সম্প্রতি এক হ্যাকিং ফোরামে হ্যাকাররা কিছু ছবি প্রকাশ করেছে। এসব ছবিতে টিকটকের ডাটাবেজ ও প্লাটফর্মটির সোর্স কোড ও গ্রাহকদের ব্যক্তিগত গোপন তথ্য আছে বলে দাবি জানিয়েছে হ্যাকাররা।

ভিডিও হোস্টিং প্লাটফর্মটির মুখপাত্র মওরিন শানাহান ভার্জকে বলেন, যে ডাটা নমুনা নিয়ে প্রশ্ন উঠেছে তার পুরোটাই আগে থেকে উন্মুক্ত ছিল এবং টিকটকের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা, নেটওয়ার্ক বা সিস্টেম থেকে ফাঁস হয়নি।