চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ব্রডকমের সঙ্গে কয়েক কোটি ডলারের চুক্তি সম্পন্ন করেছে অ্যাপল। কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট নিজেই এ তথ্য নিশ্চিত করেছে। এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে উৎপাদিত চিপ ব্যবহার করবে আইফোন প্রস্তুতকারক কোম্পানিটি। খবর রয়টার্স।
কয়েক বছরের এ চুক্তি অনুসারে ব্রডকম ফাইভজি রেডিও ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট তৈরি করবে অ্যাপলের জন্য, যা যুক্তরাষ্ট্রের বেশকিছু কারখানায় বানানো হবে। যুক্তরাষ্ট্রের ফোর্ট কলিনস, কলোরাডোয় ব্রডকমের বড় কারখানা রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এমন ঘোষণা আসার পরই ব্রডকমের শেয়ার ২ দশমিক ২ শতাংশ বেড়ে গেছে। এ প্রতিষ্ঠানটি অ্যাপলের তারবিহীন সব উপাদানের সবচেয়ে বড় সরবরাহকারী। গত দুই অর্থবছরে তাদের মোট মুনাফার এক-পঞ্চমাংশ এসেছে অ্যাপল থেকে।
অ্যাপল বর্তমানে সরবরাহ ব্যবস্থায় কিছুটা বৈচিত্র্য আনার চেষ্টা করছে। ভারতে ও ভিয়েতনামেই এখন বেশি পণ্য উৎপাদন করা হচ্ছে। এমনকি অ্যারিজোয়ানায় প্রস্তুত হতে যাওয়া নতুন তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্লান্ট থেকে চিপ সংগ্রহ করারও কথা রয়েছে প্রতিষ্ঠানটির।
চুক্তির আকার সম্পর্কে দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি। ব্রডকম শুধু বলেছে, নতুন চুক্তিতে অ্যাপলের পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা এবং এসব পণ্য তৈরিতে প্রয়োজনীয় অন্যান্য উপাদান সরবরাহ করার বিষয়টিই উঠে এসেছে।
আগে ব্রডকম ও অ্যাপলের মধ্যে তিন বছরে ১ হাজার ৫০০ কোটি ডলারের চুক্তি ছিল। ব্রেইনস্ট্রেনের বিশ্লেষক স্ট্যাসি রাসগন বলেন, ‘সেটা জুনে শেষ হয়ে যাবে। এ অগ্রগতি ব্রডকমের জন্য ইতিবাচক।’ যদিও দুই প্রতিষ্ঠানের কেউই জানায়নি এ প্রক্রিয়া কতদিন চলমান থাকবে।
রাসগন বলেন, ‘অ্যাপলের সঙ্গে বেশ কয়েকবার দীর্ঘমেয়াদি চুক্তি করেছে ব্রডকম। কখনো সেগুলো বহাল থেকেছে, কখনো না। অ্যাপল জানিয়েছে, ব্রডকমের কাছে থেকে ফিল্ম বালক অ্যাকুওসটিক রিসোনেটর চিপ নেয়া হবে। যেটা রেডিও ফ্রিকোয়েন্সি সিস্টেমের একটি অংশ হিসেবে আইফোন এবং অন্যান্য অ্যাপল ডিভাইসকে মোবাইল ডাটা নেটওয়ার্কে যুক্ত করে।










