স্পেসেসের রেকর্ডকৃত কথোপকথন থেকে পরিচালনাকারীদের অডিও ক্লিপ তৈরির পরীক্ষা শুরু করেছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার। বর্তমানে আইওএস প্লাটফর্মের কিছু ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হয়েছে। খবর এনগ্যাজেট।
টুইটার স্পেসেসের বেশকিছু হোস্ট বর্তমানে রেকর্ডকৃত কথোপকথন থেকে ক্লিপ তৈরি করতে পারবে। ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও ফিচারটি চালু করা হবে। হোস্টরা ৩০ সেকেন্ডের বেশি অডিও ক্লিপ তৈরি করতে পারবে এবং সেগুলো টুইটারে প্রকাশ করতে পারবে। বর্তমানে আইওএসের অন্যান্য ব্যবহারকারী সেগুলো দেখতে পারবে।
জানুয়ারির শুরুর দিকে হোস্টদের জন্য স্পেসেসের কথোপকথন রেকর্ডের সুবিধা চালু করেছে টুইটার। টুইটারে স্পেসেসের কিছু অডিও ক্লিপ প্রকাশের মাধ্যমে প্লাটফর্মটি অন্যান্য ব্যবহারকারীর স্পেসেসের কার্যক্রম ও সেই কথোপকথনের বিষয়ে তথ্য দেবে। পাশাপাশি অডিয়েন্স বাড়াতে সাহায্য করবে।
গত সেপ্টেম্বর থেকে ক্লাবহাউজ ব্যবহারকারীদের ক্লিপ তৈরির সুবিধা দিয়ে আসছে। প্লাটফর্ম থেকে ব্যবহারকারীরা পাবলিক রুম থেকে ৩০ সেকেন্ডের শেয়ারযোগ্য অডিও ক্লিপ তৈরি করতে পারছে। অন্যদিকে স্পেসেসে শুধু অডিও ক্লিপিংয়ের সুবিধা দেয়ার মাধ্যমে টুইটার এখনও অনেক পিছিয়ে আছে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদ ও বাজারসংশ্লিষ্টরা। টুইচ ও ইউটিউবের ব্যবহারকারীরা হাইলাইটেরও ক্লিপ তৈরি করতে পারেন। অর্থাৎ এর মাধ্যমে ভিউয়াররা কনটেন্ট নির্মাতাদের মনোযোগ আকর্ষণ করতে পারবেন। বর্তমানে টুইটার শুধু নির্মাতাদের জন্য ফিচারটি চালু করার বিষয়ে কাজ করছে। ভবিষ্যতে শ্রোতাদের জন্যও এটি চালু করা হতে পারে।










