অধিবাসীদের জন্য মোবাইল নেটওয়ার্ক বিস্তারে লিগাডো নেটওয়ার্ক যে পরিকল্পনা করেছে তার কারণে পেন্টাগনের মিলিটারি গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) রিসিভারের কার্যক্রমে বাধা দিতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর প্রকাশিত এক সমীক্ষা সূত্রে এ তথ্য জানা গিয়েছে। খবর রয়টার্স।
২০২০ সালের এপ্রিলে ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) লিগাডোকে কম শক্তিশালী নেটওয়ার্ক বিস্তারে অনুমতি দেয়। ২০২১ সালের জানুয়ারিতে এফসিসির সেই সিদ্ধান্ত স্থগিত রাখার জন্য মার্কিন সরকারি সংস্থাগুলোর আবেদন প্রত্যাখ্যান করা হয়।
সম্প্রতি প্রকাশিত জাতীয় বিজ্ঞান, প্রকৌশল ও চিকিৎসা একাডেমির প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রতিরক্ষা দপ্তর এবং অন্যান্য সরকারি সংস্থার ব্যবহূত ইরিডিয়াম কমিউনিকেশনস, মোবাইল স্যাটেলাইট পরিষেবা বিভিন্ন কারণে ক্ষতির সম্মুখীন হবে। পাশাপাশি সতর্ক করে দিয়ে বলে, ২০১২ সালের আগে বিক্রি হওয়া কিছু উচ্চক্ষমতা সম্পন্ন ডিভাইস বড় ধরনের বাধার সম্মুখীন হতে পারে।
ইরিডিয়াম কমিউনিকেশনস দ্বারা প্রতিরক্ষা বিভাগকে দেয়া স্যাটেলাইট পরিষেবার টার্মিনালগুলো যখন লিগাডোর টার্মিনালের ২ হাজার ৪০১ ফুটের মধ্যে থাকবে তখন ক্ষতির সম্মুখীন হবে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বলছে, জাতীয় বিজ্ঞান একাডেমির প্রতিবেদনটি তাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই অর্থে যে লিগাডোর সিস্টেম তাদের জিপিএস রিসিভারগুলোর কার্যক্রমে বিরূপ প্রভাব ফেলবে এবং এ ক্ষতির প্রভাব কমানো সম্ভব নয়। এফসিসির প্রতিবেদনে প্রস্তাবিত ক্ষতি প্রশমন এবং প্রতিস্থাপনের ব্যবস্থাগুলোকে অব্যবহারিক, ব্যয়বহুল, নিষিদ্ধ ও অকার্যকর বলেও উল্লেখ করেছে প্রতিরক্ষা বিভাগ।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, অনেক পুরনো ও খারাপভাবে ডিজাইন করা জিপিএস ডিভাইসগুলোর একটি ছোট শতাংশ হালনাগাদের প্রয়োজন হতে পারে। লিগাডো জানায়, এফসিসির সঙ্গে ফেডারেল সরঞ্জাম আপগ্রেড বা প্রতিস্থাপন করার জন্য তারা ২০২০ সালে একটি প্রোগ্রাম প্রস্তুত করে। পাশাপাশি যেকোনো প্রতিষ্ঠানকে সহায়তা করার জন্য তারা প্রস্তুত। তবে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান বা সংস্থা পুরনো ডিভাইস পরিবর্তনে কাজ করার জন্য এগিয়ে আসেনি।
লিগাডোর আশা, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বা সংস্থাগুলো তাদের লাইসেন্স কর্তৃপক্ষের কার্যক্রমে বাধা দেয়া বন্ধ করবে এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিস্টেমে যে সমস্যা হতে পারে তার সমাধানে একত্রে কাজ করবে। অন্যদিকে ইরিডিয়াম জানায়, লিগাডো মোবাইল নেটওয়ার্ক বিস্তারে যে পরিকল্পনার বর্ণনা দিয়েছে সেটি ক্ষতির কারণ হবে বা জিপিএসের স্বাভাবিক কার্যক্রমে হস্তক্ষেপ করবে। চলতি বছরের শরতে প্রযুক্তিগত উত্কর্ষ প্রদর্শনের আগে সিদ্ধান্ত পরিবর্তনে এফসিসির কাছে আবেদন জানিয়েছে ইরিডিয়াম। তবে এ বিষয়ে এফসিসির কাছ থেকে তাত্ক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জরিপ সূত্রে আরো জানা যায়, লিগাডোর নেটওয়ার্ক বাণিজ্যিকভাবে উৎপাদিত দিকনির্দেশনামূলক, সময়, সেলুলার ও উড়োজাহাজ পরিচালনায় সনদপ্রাপ্ত জিপিএস রিসিভারগুলোর কার্যক্রমে কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না। ২০২০ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ প্রতিরক্ষা, পরিবহন বিভাগসহ অন্যান্য নির্বাহী শাখা সংস্থাগুলোর পক্ষে এফসিসির কাছে অনুরোধের মাধ্যমে জানিয়েছিল, নেটওয়ার্ক পরিষেবার বিস্তার প্রকল্পের কারণে যারা ফেডারেল সরকারের জিপিএস ব্যবহার করছে তারা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। প্রতিবেদনে এফসিসি ও বাণিজ্য বিভাগকে যৌথ পরীক্ষা পরিচালনার আহ্বান জানানোর পাশাপাশি স্পেকট্রাম সমস্যা সমাধানে আরো সহযোগিতামূলক পদ্ধতি বের করার কথা জানায়।










