অক্টোবরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে জানুয়ারির আগে কমিউনিটিজ ফিচার চালু না করতে হোয়াটসঅ্যাপের কাছে আহ্বান জানিয়েছে ব্রাজিলের আইনজীবীরা। খবর রয়টার্স।
ফেডারেল আইনজীবীরা জানান, এমন একটি সময়ে নতুন টুল সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে যখন সরকারি প্রতিষ্ঠানের কার্যকারিতার বিষয়ে ভুয়া সংবাদ ছড়ানোর পাশাপাশি ব্রাজিলের ভোটিং সিস্টেম নিয়ে সমালোচনা দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে।
এমপিএফ জানায়, ভুয়া সংবাদের বিস্তার রোধে কয়েক বছরে হোয়াটসঅ্যাপ যেসব উদ্যোগ নিয়েছে কমিউনিটিজ ফিচারের কারণে সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে। গত এপ্রিলে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি অক্টোবরের শেষে অনুষ্ঠেয় ভোট শেষ না হওয়া পর্যন্ত নতুন ফিচার চালু না করার বিষয়ে সম্মতি প্রকাশ করেছিল।










