বর্ণবাদ নিয়ে বর্তমানে বিশ্ব সোচ্চার। তবে কিছু ক্ষেত্রে এখনো বিষয়টি সমস্যা তৈরি করছে। যার মধ্যে অন্যতম ভার্চুয়াল গেম প্লাটফর্ম। প্লেস্টোরে থাকা একটি গেমকে কেন্দ্র করে ব্রাজিলে বিক্ষোভ শুরু হয়। এ পরিপ্রেক্ষিতে স্টোর থেকে গেমটি সরিয়ে নিতে বাধ্য হয় গুগল। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

স্লেভারি সিমুলেটর নামের গেমটিতে গেমাররা দাসত্ব প্রথা ধরে রাখার জন্য বিভিন্ন পদ্ধতি ও কৌশল ব্যবহার করে। এর মাধ্যমে ধনী বা বিত্তবানদের সম্পদ রক্ষার বিষয়টিকে প্রাধান্য দেয়া হয়। দেশটির আদালত জানায়, কয়েকশোর বেশি গেমার গেমটি ডাউনলোড করেছে। পাশাপাশি গেমটি বর্ণবাদী আচরণ ও ঘৃণাত্মক বক্তব্যের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। গেম অ্যাপটিতে সব ধরনের দাসত্ব চর্চা করা যাবে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এটি শুধু বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলেও জানানো হয়।

প্লেস্টোর থেকে অ্যাপটি সরানোর পর এক বিবৃতিতে গুগল জানায়, যেসব অ্যাপ্লিকেশন সহিংসতা, হিংসা ছড়ায়, নির্দিষ্ট কোনো গোত্র বা গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা ছড়ায়, সেগুলোকে প্লাটফর্মে জায়গা দেয়া হবে না। এছাড়া যেকোনো ধরনের আক্রমণাত্মক বা বিদ্বেষমূলক কনটেন্টের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছে গুগল।

ব্রাজিলের জাতিগত সমতাবিষয়ক মন্ত্রণালয় গুগলকে”ঘৃণাত্মক বক্তব্য, অসহিষ্ণুতা ও বর্ণবাদমূলক বিষয়বস্তু ফিল্টার করার কথা জানিয়েছে। পাশাপাশি ছড়িয়ে পড়া রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বর্ণবাদ কমে এলেও ব্রাজিলে এটি এখনো বড় সমস্যা। দেশটির ৫৬ শতাংশের বেশি নাগরিক আফ্রো-ব্রাজিলিয়ান।