চীনে পালিয়ে যাওয়ার প্রায় পাঁচ বছর
পর অ্যাপলের সাবেক এক প্রকৌশলীর বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, কোম্পানির
স্ব-চালিত গাড়ির প্রযুক্তির গোপনীয় তথ্য সঙ্গে নিয়েছেন তিনি। খবর বিবিসি।
মার্কিন আইনজীবীরা বলছেন, ওয়েইবাও ওয়াং
(৩৫) নামের ওই ব্যক্তি অজ্ঞাতনামা চীনা কোম্পানিতে গোপনে কাজ করার সময় অ্যাপলের হাজার
হাজার নথি চুরি করেছেন। তার বিরুদ্ধে মোট ছয়টি অভিযোগ আনা হয়েছে।
এ নিয়ে তৃতীয়বারের মতো অ্যাপলের সাবেক
কর্মচারীর বিরুদ্ধে চীনের জন্য প্রযুক্তিগত তথ্য চুরির অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়, ওয়াং স্ব-চালিত ব্যবস্থার
সঙ্গে যুক্ত সফ্টওয়্যার ও হার্ডওয়্যারের সোর্স কোডসহ নথি চুরি করেছেন।
মার্কিন বিচার বিভাগ বলছে, ২০১৬ সালের
মার্চে অ্যাপলের একটি দলের সদস্য হিসেবে যোগ দেন ওয়াং। যারা স্ব-চালিত সিস্টেমের জন্য
প্রযুক্তি তৈরি করেছিল।
ওয়াং গোপনীয়তা চুক্তিতেও স্বাক্ষর করেছিলেন।
এই প্রকল্প সম্পর্কে ওই সময়ে কোম্পানির মধ্যে খুব কম লোকই জানতেন।
২০১৮ সালের এপ্রিলে অ্যাপল ছেড়ে যান ওয়াং।
আইনজীবী জানান, এর চার মাস আগে তিনি স্ব-চালিত গাড়ি তৈরিকারী অন্য একটি কোম্পানিতে
প্রকৌশলী হিসেবে প্রস্তাব গ্রহণ করেছিলেন। নাম প্রকাশ না করে প্রতিষ্ঠানটি চীনে অবস্থিত।
আইন প্রয়োগকারী সংস্থা ২০১৮ সালের জুনে
ক্যালিফোর্নিয়ায় ওয়াংয়ের বাড়িতে তল্লাশি চালায়। তখন তিনি জানান, যুক্তরাষ্ট্র
ছাড়ার কোনো পরিকল্পনা নেই। অথচ একই দিনে সান ফ্রান্সিসকো থেকে চীনের গুয়াংজু যাওয়ার
একমুখী টিকিট কিনেছিলেন।
ওয়াংয়ের বাড়ি থেকে জব্দ করা ডিভাইস
বিশ্লেষণে দেখা যায়, তিনি স্ব-চালিত গাড়ির জন্য অ্যাপলের তৈরি প্রযুক্তির প্রচুর তথ্য
সংরক্ষণ করেছিলেন।
ওয়াং বর্তমানে চীনে রয়েছেন। যদি তাকে
কখনো যুক্তরাষ্ট্রে ফিরিয়ে এনে দোষী সাব্যস্ত করা হয়। তবে ছয়টি অভিযোগের প্রতিটির
জন্য ১০ বছরের কারাদণ্ড হতে পারে।










