ফটোগ্রাফি ও প্রযুক্তিপ্রেমী স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের জন্য তিনটি নতুন ডিভাইস উন্মোচন করেছে রিয়েলমি। এগুলো হলো রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি, ৯ প্রো ৫জি ও প্যাড মিনি।

নতুন এ ডিভাইসগুলো ১৯ জুলাই উন্মোচন করা হয়েছে। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমসহ রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি লাইট শিফট ডিজাইনের স্মার্টফোনটি সানরাইজ ব্লু ও অরোরা গ্রিন রঙে পাওয়া যাবে। এর দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৩৯ হাজার ৯৯০ টাকা। এছাড়া রিয়েলমি ৯ প্রোর দাম মাত্র ৩১ হাজার ৯৯০ টাকা। সেলফোনগুলো ক্রয়ে গ্রাহকদের ভ্যাট দিতে হবে।

প্রথমবারের মতো মিডরেঞ্জে স্মার্টফোনের ক্যামেরায় সনি আইএমএক্স৭৬৬ ওআইএস ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করেছে রিয়েলমি, যা স্বল্প আলোয়ও অনেক ভালো ছবি তুলতে সক্ষম। ক্যামেরাটির সেন্সর ৬৮ শতাংশ পর্যন্ত বেশি আলো ধারণ করে ছবি তুলতে সক্ষম, যার মাধ্যমে ব্যবহারকারীরা আগের জেনারেশনের ফোনগুলোর তুলনায় আরো উজ্জ্বল ছবি তুলতে পারবেন।

ফ্ল্যাগশিপ সনি আইএমএক্স৭৬৬ সেন্সরের সঙ্গে প্রোলাইট ইমেজিং প্রযুক্তির সমন্বয়ের কারণে স্মার্ট ডিভাইসটি দারুণ আউটপুট দেবে। ফোনটিতে আরো থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ফাইভজি প্রসেসর, যা ফ্ল্যাগশিপ ৬ ন্যনোমিটারের উন্নত ৫জি প্রসেসর। ফটোক্রোমিজম প্রযুক্তি থাকায় লাইট শিফট করতে পারে রিয়েলমি ৯ প্রো ৫জি সিরিজের ফোনের ব্যাকশেল। লাইট শিফট ডিজাইনের প্রথম ডিভাইস হিসেবে সেলফোনটি এরই মধ্যে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। একই সেগমেন্টের স্মার্টফোনগুলোর মধ্যে রিয়েলমি ৯ প্রো ক্যামেরা, প্রসেসর এবং ডিজাইনের সৌন্দর্য্যের পাশাপাশি ফোনটিতে আরো থাকছে ৯০ হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৬০ ওয়াট সুপার ডার্ট চার্জিং, ভ্যাপর চেম্বার কুলিং প্লাস সিস্টেম, ডুয়েল স্টেরিও স্পিকার ও গরিলা গ্লাস ৫-এর প্রকেটশন। রিয়েলমি ৯ প্রো ৫জিতে স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর, ১২০ হার্টজ আল্ট্রা স্মুথ ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল নাইটস্কেপ ক্যামেরা রয়েছে। থাকছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার।

অন্যদিকে রিয়েলমি প্যাড মিনিতে থাকছে ইউনিবডি ডিজাইন। ডিভাইসে ৮ দশমিক ৭ ইঞ্চি ও ৭.৬ মিলিমিটার আল্ট্রা-স্লিম ডিসপ্লে। ৬ হাজার ৪০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ডিভাইস ব্যবহার করা যাবে।