যাত্রার দুই বছর পর বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দম্পতিদের জন্য চালু করা মেটার সোশ্যাল অ্যাপ টিউনড। গত সপ্তাহ থেকেই ব্যবহারকারীদের কাছে অ্যাপ বন্ধের নোটিফিকেশন পাঠানো হচ্ছে।
টেকক্রাঞ্চ প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, অ্যাপ বন্ধের নোটিশ দেয়ার পাশাপাশি প্রতিষ্ঠান ব্যবহারকারীদের ১৯ সেপ্টেম্বরের আগে ব্যক্তিগত তথ্য ডাউনলোড করে রাখার পরামর্শও দিচ্ছে। টিউনড মূলত মেটার নিউ প্রোডাক্ট এক্সপেরিমেন্ট (এনপিই) দলের পরিচালনায় থাকা একটি প্রকল্প। নতুন ফিচার ব্যবহারের সুযোগ দেয়ার মাধ্যমে ভোক্তাদের অনুভূতি জানার জন্য নতুন নতুন অ্যাপ তৈরির লক্ষ্যে এ দল তৈরি করা হয়েছিল।
দম্পতিদের মধ্যে যোগাযোগ স্থাপনের মাধ্যম হিসেবে এটি কাজ করে। অ্যাপে মেসেজিংয়ের বিভিন্ন ফিচারের পাশাপাশি কুইজও ছিল। এর মাধ্যমে দম্পতিরা একে অন্যের অনুভূতি সম্পর্কে জানতে পারত।
টিউনড অ্যাপে ব্যবহারকারীদের নোটস, ছবি-ভিডিও, বিভিন্ন চ্যালেঞ্জ, ভয়েস মেসেজ ও স্পটিফাইয়ের মাধ্যমে গান শেয়ার করার সুবিধা দেয়া হতো। তারা তাদের মানসিক অবস্থার ভিত্তিতে বিভিন্ন মোড বা পর্যায় নির্বাচন করতে পারত। আরো গভীর বিষয়ের ক্ষেত্রে পাসওয়ার্ড বা ফিল্টার ব্যবহার করা যেত।
অ্যাপ গবেষণা সংস্থা সেন্সর টাওয়ারের একজন মোবাইল অ্যাপ ইনসাইটস স্ট্র্যাটেজিস্ট ক্রেইগ চ্যাপলের তথ্যানুযায়ী, অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে থেকে অ্যাপটি ৯ লাখ ৯ হাজার বারের চেয়ে বেশি ডাউনলোড হয়েছে।










