২০২১-২২ মৌসুমে লা লিগায় দ্বিতীয় ও শেষ এল ক্ল্যাসিকোয় মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় আজ রাত ২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে।

এল ক্ল্যাসিকো শুধুই একটি ম্যাচ নয়, দুটি ক্লাবের ১২০ বছর ধরে চলে আসা ঐতিহ্যের লড়াই, মর্যাদার লড়াই। চলতি মৌসুমে প্রথম এল ক্ল্যাসিকোয় ক্যাম্প ন্যু থেকে ১-২ গোলের জয় নিয়ে ফিরেছিল লস ব্ল্যাঙ্কোসরা। মাঝে স্প্যানিশ সুপার কাপেও একবার দেখা হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে সেই ম্যাচেও কাতালানদের ৩-২ গোলে হারায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বার্সেলোনার বিপক্ষে শেষ ছয় ম্যাচে কোনো হার নেই রিয়ালের; বরং শেষ পাঁচটিই জিতেছে দলটি। জয়ের ধারা অব্যাহত রাখতে এবার ঘরের মাঠে নামবেন লুকা মডরিচ, করিম বেনজেমারা। রিয়ালের বিপক্ষে ২০১৮-১৯ মৌসুমে কোপা দেল রে’তে সর্বশেষ জয় পেয়েছিল বার্সা। লুইস সুয়ারেজের জোড়া গোলে বার্নাব্যুতে ম্যাচটি ৩-০ ব্যবধানে জেতে কাতালানরা। ওই মৌসুমেই লা লিগায় রিয়ালের বিপক্ষে শেষ জয় পায় বার্সেলোনা। সুয়ারেজের হ্যাটট্রিকে ৫-১ গোলে জিতেছিল দলটি।

বার্সেলোনার সেই দল আর বর্তমান দল এক নয়। এসেছে অনেক পরিবর্তন। দলের দীর্ঘদিনের প্রাণভোমরা লিওনেল মেসি বিদায় নিয়েছেন গত মৌসুমে। এখন তরুণদের নিয়ে নতুন উদ্যমে দল সাজাচ্ছেন প্রধান কোচ জাভি হার্নান্দেজ। চলতি মৌসুমে আগের দুই দেখায় হারলেও এবার প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বার্সা। সময়ের সঙ্গে গুছিয়ে উঠছে দলটি। নিজেদের শেষ ১০ ম্যাচেই অপরাজিত জাভির শিষ্যরা। লিগে শেষ ছয় ম্যাচের চারটিতেই প্রতিপক্ষকে অন্তত ৪ গোল দিয়েছেন তোরেস-অবামেয়াংরা। সর্বশেষ ওসাসুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। কাতালানরা উঠেছে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালেও। এল ক্ল্যাসিকোর আগে ইউরোপা লিগের সাফল্য জাভির দলকে নিশ্চিতভাবে উজ্জীবিত করবে।

রিয়ালও উড়ছে আকাশে। লিগে টানা ২০ ম্যাচে অপরাজিত দলটি। নিজেদের শেষ ম্যাচে মায়োর্কাকে ৩-০ গোলে হারায় তারা। চ্যাম্পিয়নস লিগে এর আগের ম্যাচে ঘরের মাঠে পিএসজির বিপক্ষে তুলে নেয় ৩-১ গোলের জয়। দুর্দান্ত ফর্মে আছেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা। লিগে করেছেন ২২ গোল ও ১১টি অ্যাসিস্ট।

লিগ শিরোপা পুনরুদ্ধারেও সঠিক পথে আছে দলটি। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল। সমান ম্যাচে দুইয়ে থাকা সেভিয়ার পয়েন্ট ৫৬। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্টে তিনে বার্সা।

লা লিগায় এখন পর্যন্ত দল দুটি মুখোমুখি হয়েছে ১৮৩ ম্যাচে। যেখানে ৭৬ ম্যাচে জিতেছে রিয়াল, বার্সার জয় ৭২ ম্যাচে; ড্র হয়েছে ৩৫টি। তবে সব প্রতিযোগিতা ও প্রীতি ম্যাচ মিলিয়ে ২৮১ বার একে অন্যের বিপক্ষে লড়েছে দল দুটি। ১১৫ ম্যাচে জিতে পাল্লা ভারী বার্সার। ১০৪ ম্যাচ জয় রিয়ালের, ড্র হয়েছে ৬২ ম্যাচে। বিবিসি, মার্কা