দুই টেস্টের সিরিজে স্বাগতিক শ্রীলংকাকে দাঁড়াতেই দেয়নি অস্ট্রেলিয়া। যদিও চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে ওয়ানডে ফরম্যাটে দাপট দেখাল শ্রীলংকা। দুই ম্যাচের সিরিজটা ২-০তে জিতল সিংহলিজরা। কলম্বোতে আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকরা জিতেছে ১৭৪ রানের ব্যবধানে।

আগে ব্যাটিং করে বর্তমান ও সাবেক অধিনায়কের নৈপুণ্যে ৪ উইকেটে ২৮১ রান তুলেছে শ্রীলংকা। সেঞ্চুরি করেন সাবেক অধিনায়ক কুশল মেন্ডিস। তিনি ১১৫ বলে ১০১ রানের ইনিংস খেলেন। বর্তমান অধিনায়ক চারিত আসালঙ্কা ৬৬ বলে ৭৮ রান করেন। এছাড়া নিশান মদুক্ষা ৭০ বলে ৫১ ও জেনিত লিয়ানাগে ২১ বলে ৩২ রান করেন।

২৮২ রান তাড়া করত নেমে ২৪.২ ওভার টিকে থেকে ১০৭ রানে অলআউট হয়ে যায় স্টিভ স্মিথের দল। দুনিত ভেল্লালাগে ৪টি এবং আসিথা ফার্নান্দো ও হাসারাঙ্গা ডি সিলভা উভয়ই ৩টি করে উইকেট নেন।