প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা কিলিয়ান এমবাপ্পে আশায় বুক বেঁধে ছিলেন, চলতি দলবদলে হয়তো রিয়াল মাদ্রিদে যোগ দেবেন। কিন্তু রিয়াল কোচ কার্লো অ্যানচেলত্তি যা বলেছেন, তা এমবাপ্পের জন্য খুবই হতাশাজনক। অ্যানচেলত্তি বলেছেন, এ গ্রীষ্মে এমবাপ্পেকে কেনার কোনো সম্ভাবনা নেই।
২৪ বছর বয়সী এমবাপ্পে পিএসজির সঙ্গে নতুন চুক্তিতে সই করেননি। তার মানে, এখনই তাকে বিক্রি না করলেও মৌসুম শেষে ছেড়ে দিতে হবে একেবারে বিনা টাকায়। সেই ঝুঁকিতে যেতে চায় না বলেই ফরাসি ক্লাবটি তাকে বিক্রি করতে চায়। কিন্তু রিয়াল আগ্রহ না দেখানোয় এখন কী করবেন এমবাপ্পে কিংবা পিএসজি?
এমবাপ্পেকে কেনা নিয়ে প্রশ্নের জবাবে অ্যানচেলত্তি বলেন, ‘না। আমি শতভাগ বাতিল করে দিচ্ছি। আমি মনে করি, আমাদের স্কোয়াড সম্পন্ন এবং আমাদের খেলোয়াড়রা এখন আমাদের মৌসুম নিয়ে ভাবছে।’
চুক্তি নিয়ে অচলাবস্থার কারণে মৌসুমের শুরুর দিকে মূল দলের সঙ্গে অনুশীলনে রাখা হয়নি এমবাপ্পেকে। লিগের প্রথম ম্যাচে লরাঁর বিপক্ষেও তিনি খেলেননি। পরে তুলুজের বিপক্ষে ম্যাচে ফিরে পেনাল্টি থেকে গোল করেন তিনি, যাতে ১-১ গোলে ড্র করে পিএসজি।
একাদশে ফিরলেও ক্লাবটি তাকে বিক্রি করতে মরিয়া। গত মাসে সৌদি আরবের আল হিলাল ক্লাব থেকে বড় অংকের প্রস্তাব আসে। তার জন্য ২৫ কোটি ৯০ লাখ পাউন্ডের প্রস্তাব আসে। তখন ক্লাবটি এমবাপ্পের সঙ্গে কথা বলার অনুমতিও দেয় আল হিলালকে। যদিও খেলোয়াড়টি মাত্র ২৪ বছর বয়সী সৌদির মতো অখ্যাত লিগে যেতে চাননি। ফলে সেই আলোচনা আর সামনে এগোয়নি। তিনি যেতে চান লা লিগায়। ১৪ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদই তার প্রথম পছন্দ।
২০১৭ সালে প্রথমে ধারে ও পরবর্তী সময়ে ১৮ কোটি ইউরোয় (১৬ কোটি ৫৭ লাখ পাউন্ড) মোনাকো থেকে এমবাপ্পেকে কিনে নেয় পিএসজি। সেই থেকে ক্লাবটির হয়ে তিনি ২৬১ ম্যাচ খেলে ২১৩ গোল করেছেন। সর্বশেষ কাতার বিশ্বকাপে অনবদ্য পারফর্ম করেন এমবাপ্পে। ফাইনালে ফ্রান্স হারলেও হ্যাটট্রিক করে আসরটি স্মরণীয় করে রাখেন এমবাপ্পে।
এদিকে, ফরাসি ক্লাব রেনে ছেড়ে বেলজিয়াম জাতীয় দলের উইঙ্গার জেরেমি ডোকু এখন ম্যানচেস্টার সিটির। তাকে ৫ কোটি ৫৪ লাখ পাউন্ড ফি দিয়ে দলভুক্ত করেছে বর্তমান ইংলিশ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। চুক্তির সব রকম আনুষ্ঠানিকতা সেরে ফেলেছে ম্যানচেস্টার জায়ান্টরা।
২১ বছর বয়সী ডকুর সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে গত মৌসুমে ট্রেবল জয় করা ম্যানসিটি। রেনের হয়ে তিন মৌসুমে ৭৫ ম্যাচ খেলে ১০ গোল করেছেন ডকু। গত মৌসুমে ৩৫ ম্যাচ খেলে করেছেন ১০ গোল। বেলজিয়ামের হয়ে খেলেছেন ১৬ ম্যাচ। ডকুকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছিল ওয়েস্টহ্যাম, টটেনহ্যাম ও চেলসি। তবে সিটিকেই বেছে নিলেন খেলোয়াড়টি।
এ নিয়ে গ্রীষ্মকালীন দলবদলে তৃতীয় খেলোয়াড় দলভুক্ত করল ম্যানসিটি। এর আগে চেলসি থেকে ২ কোটি ৫০ লাখ পাউন্ডে ম্যাতেও কোভাচিচ ও জার্মানির আরবি লিপজিগ থেকে ৭ কোটি ৭০ লাখ পাউন্ডে ইয়াস্কো গার্দিওলকে কিনেছে সিটিজেনরা।
চেলসিতে ব্রাজিলের ওয়াশিংটন: নেইমার ও পেলের ক্লাব স্যান্টোস থেকে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডেভিড ওয়াশিংটনকে কিনল চেলসি। তার জন্য ব্লুজদের খরচ পড়বে ২ কোটি ইউরো। চেলসির সঙ্গে ১৮ বছর বয়সী খেলোয়াড়টির সাত বছরের চুক্তি হয়েছে, যা পরে আরো এক বছর বাড়িয়ে নেয়ার সুযোগ রাখা হয়েছে চুক্তিতে।
গ্রেমিওর হয়ে ক্যারিয়ার শুরু করা ওয়াশিংটন ২০১৬ সালে যোগ দেন স্যান্টোসে। তার গোল করার দক্ষতা নজরে এলে এ বছরই সিনিয়র স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। চেলসিতে নাম লেখানোর আগে সিনিয়র দলে ১৬ ম্যাচ খেলে দুই গোল করেন ওয়াশিংটন।
এর আগে গত মাসে স্যান্টোসের আরেক খেলোয়াড় ১৮ বছর বয়সী উইঙ্গার অ্যাঞ্জেলোকে কিনেছে চেলসি।
চলতি গ্রীষ্মকালীন দলবদলে এ নিয়ে নবম খেলোয়াড় কিনল মাউরিসিও পচেত্তিনোর চেলসি।
দলবদলের বাজারে অনেককে নিয়ে গুঞ্জন। তেমনি রয়েছে লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহকে নিয়েও। রোনালদো, নেইমার, করিম বেনজেমার মতো তিনিও সৌদি আরবের কোনো ক্লাবে নাম লেখাতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছে আল ইত্তিহাদ। যদিও অল রেডরা জানাল, তাকে বিক্রির কোনো পরিকল্পনা এ মুহূর্তে নেই ক্লাবটির।
চলতি গ্রীষ্মকালীন দলবদল শেষ হতে এখনো এক সপ্তাহের মতো বাকি। কিন্তু এরই মধ্যে খরচের নতুন রেকর্ড গড়ে ফেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। শুক্রবার পর্যন্ত চলতি গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর খরচ ১৯৫ কোটি পাউন্ড (প্রায় ২৬ হাজার ৭৭৭ কোটি টাকা)।
ডেলোয়েটের বিশ্লেষণ বলছে, গত বছর গ্রীষ্মকালীন দলবদলে ১৯২ কোটি পাউন্ড খরচ করে রেকর্ড গড়েছিল প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। এবার সেই রেকর্ড ভেঙে এখন ২ বিলিয়নের গণ্ডি পার হতে চলল। ১ সেপ্টেম্বরের আগেই ২ বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যাবে দলবদলের খরচ।
ডেলোয়েটের সহকারী পরিচালক ক্যালাম রস বলেন, ‘প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর খরচের এ চাঞ্চল্যকর ফিগার লিগটির নতুন মানদণ্ড নির্ধারণ করে দিচ্ছে। টানা দুই মৌসুমেই আগের খরচের রেকর্ড ভেঙে দিচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এবং ১ সেপ্টেম্বর দলবদল উইন্ডো শেষ হওয়ার আগেই এটি প্রথমবারের মতো ২ বিলিয়ন ছাড়াতে চলেছে।’
প্রিমিয়ার লিগের কোনো ক্লাবই গতবার ১০০ মিলিয়ন পাউন্ড দিয়ে কোনো খেলোয়াড় কেনেনি। কিন্তু এবার ব্রাইটন থেকে মিডফিল্ডার ময়েজেস কাইসেদোকে ১০০ মিলিয়ন পাউন্ড দিয়ে কিনেছে চেলসি, যা শেষ পর্যন্ত ব্রিটিশ রেকর্ড ১১৫ মিলিয়ন পাউন্ডে পৌঁছতে পারে। আবার ওয়েস্ট হ্যাম থেকে ইংলিশ মিডফিল্ডার ডিক্লান রাইসকে ১০০ মিলিয়ন (অ্যাডস অন) দিয়ে কিনেছে আর্সেনাল।
লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি ৭৭ মিলিয়ন পাউন্ড দিয়ে ক্রোয়াট ডিফেন্ডার ইয়াস্কো গার্দিওলকে ও ৫৫.৪ মিলিয়ন পাউন্ড দিয়ে উইঙ্গার জেরেমি ডোকুকে কিনেছে। তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউ ৭২ মিলিয়ন পাউন্ডে স্ট্রাইকার রাসমুস হল্যান্ডকে ও ইতালির স্ট্রাইকার স্যান্দ্রো টোনালিকে কিনেছে ৫৫ মিলিয়ন পাউন্ডে।










