ওমানের রাজধানী মাস্কাটে আজ মঙ্গলবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে মাত্র ১২২ রানের পুঁজি নিয়েও ৫৭ রানে জিতেছে যুক্তরাষ্ট্র! মধ্যপ্রাচ্যের দেশ ওমান গুটিয়ে যায় মাত্র ৬৫ রানে। ছেলেদের পূর্ণাঙ্গ ওয়ানডেতে এত কম রানের পুঁজি নিয়ে জিততে পারেনি আর কোনো দল। ১৯৮৫ সালের মার্চে শারজায় চার দলের টুর্নামেন্টে ১২৫ রানের পুঁজি নিয়ে পাকিস্তানের বিপক্ষে ৩৮ রানে জিতেছিল ভারত।
যুক্তরাষ্ট্র-ওমান ম্যাচে কোনো দলই পেস বোলার খেলায়নি। এর মধ্য দিয়ে ইতিহাস গড়ল দুটি দল। ওয়ানডে ইতিহাসে কোনো পূর্ণাঙ্গ ম্যাচে এমন ঘটনা এই প্রথম। আগের ম্যাচে নাবিবিয়াকে ৯৬ রানে অলআউট করার পথে ৩৩.১ ওভারের সবগুলো করেন নামিবিয়ার স্পিনাররা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ ৩৫.৩ ওভারের সবগুলো করেন ওমানের পাঁচ স্পিনার। আবার ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন স্পিনাররা। কোনো ওয়ানডে ম্যাচে স্পিনারদের সর্বোচ্চ উইকেট নেয়ার যৌথ রেকর্ড এটি। ২০১১ সালে চট্টগ্রামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে স্পিনাররা মিলে নিয়েছিলেন ১৯ উইকেট।
আজ যুক্তরাষ্ট্রের বামহাতি স্পিনার নসতুস কেনজিগে ৭.৩ ওভারে মাত্র ১১ রানের খরচায় নেন ৫ উইকেট। যদিও ৮২ বলে ৪৭ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচসেরা স্পিনিং অলরাউন্ডার মিলিন্দ কুমার, যিনি ২টি উইকেটও নেন।
ওমানকে গুঁড়িয়ে দেয়ার পর ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে যুক্তরাষ্ট্র। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তাদের পরেই ওমান। এরপর কানাডা, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।










