পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠেয় আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বিজয়ীরা পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ২৭ কোটি ১৮ লাখ টাকা)। আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এবারের রানার্সআপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার (প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা)। সেমিফাইনালে পরাজিত দুই দল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। সর্বমোট প্রাইজমানি ৬৯ লাখ ডলার (প্রায় ৮৩ কোটি টাকা), যা ২০১৭ সালের সর্বশেষ আসরের চেয়ে ৫৩ শতাংশ বেশি।
গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৩৪ হাজার ডলার করে। ষষ্ঠ ও সপ্তম হওয়া দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার ও অষ্টম স্থানধারী দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য ১ লাখ ২৫ হাজার ডলার ফি চূড়ান্ত করা আছে।
অর্থ্যাৎ, একটি দল যদি কোনো ম্যাচ না জিতে অষ্টম হয় তবু তারা নূন্যতম ২ লাখ ৬৫ হাজার ডলার বা ৩ কোটি ২০ লাখ টাকা পাবে।
১৯৯৬ সালের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে প্রথমবার কোনো বৈশ্বিক ক্রিকেট আসর বসতে যাচ্ছে। ফলে দেশটিতে এখন উৎসবের আমেজ। খেলা হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। আসরে আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে।
১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ডের লড়াই দিয়েই শুরু হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আসর। তার পরদিন দুবাইয়ে মুখোমুখি হবে এই গ্রুপের অপর দুই দল ভারত ও বাংলাদেশ। আরেক গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।










