প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় এবারের চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে ওঠার কাজটি কঠিন করে তুলেছে বার্সেলোনা।

৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কাতালানরা রয়েছে ‘ই’ গ্রুপের দুইয়ে, ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। নকআউটে উঠতে চাইলে বাকি দুই ম্যাচে হারা চলবে না কাতালানদের। এই দুই ম্যাচের একটি আজ। ন্যু ক্যাম্পে পর্তুগিজ দল বেনফিকাকে আতিথ্য দেবে জাভি হার্নান্দেজের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

বার্সার ভাগ্য এখন তাদের নিজেদেরই হাতে। পরের দুটি ম্যাচে কোনোভাবেই হারা চলবে না। এটি করতে হলে আজ জাভির দলকে থামাতে হবে উরুগুইয়ান ফরোয়ার্ড ডারউইন নুনেজকে, যিনি গত সেপ্টেম্বরে বার্সাকে ৩-০ গোলে বিধ্বস্ত করার পথে করেছিলেন জোড়া গোল।

‘ই’ গ্রুপে আজ আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখ খেলবে ডায়নামো কিয়েভের বিপক্ষে।

‘এইচ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি খেলবে জুভেন্টাসের বিপক্ষে, মালমোর প্রতিপক্ষ জেনিত সেন্ট পিটার্সবুর্গ। ‘এফ’ গ্রুপে ভিলারিয়ালের মাঠে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড, ইয়াং বয়েজ খেলবে আটালান্টার বিপক্ষে। ‘জি’ গ্রুপে লিল মুখোমুখি হবে রেড বুল সলজবুর্গের, সেভিয়া খেলবে ভল্ফসবুর্গের বিপক্ষে।

কিয়েভ-বায়ার্ন ও ভিলারিয়াল-ম্যানইউ ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে, বাকি সবগুলো রাত ২টায়।