পার্থে ‘বর্ডার-গাভাস্কার’ সিরিজের প্রথম টেস্টে আজ শুক্রবার প্রথম দিনই পড়ল ১৭ উইকেট। ভারত ১৫০ রানে অলআউট হওয়ার পর অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৬৭ রান নিয়ে মাঠ ছাড়ে। অ্যালেক্স ক্যারি ১৯ ও মিচেল স্টার্ক ৬ রানে অপরাজিত রয়েছেন। প্রথম দিন শেষে কিছুটা এগিয়ে থাকল ভারত।

সকালে অজিদের গতির আগুণে পুড়েছে সদ্যই নিউজিল্যান্ডের কাছে হোম সিরিজে হোয়াইটওয়াশ হয়ে আসা ভারত। অতিথি দলটি প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ১৫০ রানে। ইনিংসের আয়ু ছিল ৪৯.৪ ওভার।

অধিনায়ক রোহিত শর্মা ছুটি নেয়ায় এই ম্যাচে খেলছেন না। আর ওপেনিং ব্যাটার শুভমন গিল চোটের কারণে নেই। এই দুটি জায়গা পূরণ করেন লোকেশ রাহুল আর দেবদূত পাড়িক্কাল। এর মধ্যে রাহুল করেছেন ২৬, আর পাড়িক্কাল শূন্য রানে সাজঘরে ফিরে গেছেন।

সকালে জশস্বী জয়সোয়ালকে আউট করে শুভসূচনা করেন বামহাতি গতিদানব মিচেল স্টার্ক। এরপর পাড়িক্কাল ফেরেন জস হ্যাজেলউডের শিকার হয়ে। এর মধ্য দিয়ে দারুণ এক মাইলফলক গড়লেন স্টার্ক ও হ্যাজেলউড। অস্ট্রেলিয়ার প্রথম নতুন বলের জুটি হিসেবে ৪০০ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন এই দুজন।

এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে ভারতের। ঋষভ পন্তের লড়াই শেষ হয় ৩৭ রানে। অভিষিক্ত হরষিত রানা ৭ রান। আরেক অভিষিক্ত নিতিশ কুমার রেড্ডি ৪১ রান করেন। অস্ট্রেলিয়ার চার পেসার ১০ উইকেট ভাগাভাগি করেন। হ্যাজেলউড ২৯ রানে ৪টি, মিচেল মার্শ ১২ রানে ২টি, স্টার্ক ১৪ রানে ২টি ও প্যাট কামিন্স ৬৭ রানে ২টি উইকেট নেন।

গতির জবাব গতিতেই দিয়েছে ভারত। প্রথমেই অজিদের টপ অর্ডার তছনছ করেন পেসম্যান জশপ্রীত বুমরাহ। তিনি ১৯ রানের মধ্যে অস্ট্রেলিয়ার তিন ব্যাটারকে সাজঘরে ফেরান। এরপর মোহাম্মদ সিরাজ আর হরষিত রানার গতির তোড়ে আরো তিন উইকেট হারায় অজিরা। গোধূলিবেলায় প্রতিপক্ষ অধিনায়ক প্যাট কামিন্সকে শিকারে পরিণত করেন বুমরা (৫৯/৭)। এরপর দলকে টানছিলেন ক্যারি ও স্টার্ক। ভারতের প্রথম ইনিংস থেকে এখনো ৮৩ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।

বুমরা ১৭ রানে ৪টি, সিরাজ ১৭ রানে ২টি ও রানা ৩৩ রানে ১টি উইকেট নেন।