এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত নেপালের বিপক্ষে ১৫১ রানের ইনিংস খেলে ক্রিকেটের অলটাইম গ্রেটদের কাতারে নিজের নামটি লিখিয়ে নিলেন পাকিস্তান দলনায়ক বাবর আজম।
নেপালের বোলারদের অগ্নিপরীক্ষার মুখে ফেলে ১৩১ বলে ১৫১ রানের নান্দনিক ইনিংস খেলে তিনি ইতিহাসের দ্রুততম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ১৯টি সেঞ্চুরি পূর্ণ করেন। এ পথে টপকে যান দক্ষিণ আফ্রিকার গ্রেট ব্যাটার হাশিম আমলাকে। বাবর ১৯টি সেঞ্চুরি করেন মাত্র ১০২ ইনিংসে। আর আমলা সেটি করেছিলেন ১০৪ ইনিংসে।
বিশ্বের ১ নম্বর র্যাংকধারী ব্যাটার নেপালের বিপক্ষে সেঞ্চুরির পথে ১৪টি বাউন্ডারি ও চারটি ছক্কা মেরেছেন। তার ইনিংসটি স্বাগতিক দেশের দর্শককে পুরো মাত্রায় বিনোদন দিতে সমর্থ হয় এবং এর মধ্য দিয়ে আরো বেশকিছু কীর্তি গড়েন তিনি।
বাবরের ১৫১ রান এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সর্বোচ্চ ১৮৩ রানের ইনিংস খেলেছেন ভারতের বিরাট কোহলি। ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে ১৮৩ রান করেছিলেন কোহলি। এছাড়া পাকিস্তানের ইউনুস খান ২০০৪ সালে হংকংয়ের বিপক্ষে ১৪৪ রান, বাংলাদেশের মুশফিকুর রহিম ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে ১৪৪ রান ও পাকিস্তানের শোয়েব মালিক ২০০৪ সালে ভারতের বিপক্ষে ১৪৩ রানের ইনিংস খেলেছিলেন।
এশিয়া কাপে অধিনায়ক হিসেবে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এ পথে তিনি বিরাট কোহলির রেকর্ড ভাঙেন। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ১৩৬ রান করেছিলেন ভারতীয় দলনায়ক কোহলি।
ওয়ানডেতে এ নিয়ে দ্বিতীয়বার দেড়শোর্ধ্ব ইনিংস খেললেন বাবর। এর আগে ২০২১ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৮ রান করেছিলেন তিনি।
মুলতানে খেলা ১৫১ রানের ইনিংসের মধ্য দিয়ে আইসিসি র্যাংকিংয়ে শীর্ষস্থান সংহত করলেন বাবর। তার রেটিং পয়েন্ট ৮৭৭, অন্যদিকে দুইয়ে থাকা প্রোটিয়া ব্যাটার রাসি ফন ডার ডুসেনের রেটিং পয়েন্ট ৭৭৭।
ওয়ানডেতে রানগড়ও সমৃদ্ধ হলো বাবরের। ইতিহাসের চতুর্থ সেরা রানগড় ৫৯.৪৭ এখন বাবরের। এছাড়া ন্যূনতম ২ হাজার রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে তার রানগড় সবচেয়ে বেশি।
এটা আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের ৩১তম সেঞ্চুরি। সেঞ্চুরিতে তিনি ছুঁয়েছেন জাভেদ মিয়াঁদাদ ও সাঈদ আনোয়ারের মতো গ্রেটকে। তার চেয়ে এগিয়ে আছেন ইউনুস খান (৪১), মোহাম্মাদ ইউসুফ (৩৯) ও ইনজামাম-উল-হক (৩৫)। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২০টি ওয়ানডে সেঞ্চুরি করা সাঈদ আনোয়ারকে স্পর্শ করতে আর একটি সেঞ্চুরি করতে হবে বাবরকে।
এশিয়া কাপের পর সামনেই বিশ্বকাপ। বছরশেষে আরো অনেক রেকর্ড যে বাবরের হাতে ধরা দেবে, সেটা বলাই বাহুল্য।
নেপালকে বিধ্বস্ত করা পাকিস্তান গতকাল শ্রীলংকার পাল্লেকেলেতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয়। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ আগামী ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে।










