আইসিসি টি২০ বিশ্বকাপে আজ ‘গ্রুপ-১’ এ আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভ রাউন্ডে শুভসূচনা করেছে
টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ইংল্যান্ড। আগে ব্যাটিং করে আফগানরা ১১২ রানে গুটিয়ে
যায়। রশিদ খানরা বোলিংয়ে দুর্দান্ত লড়াই করলেও পরাজয় এড়াতে পারেননি। ইংলিশরা ১৮.১
ওভারে লক্ষ্যে পৌঁছে যায়।
টস জিতে ফিল্ডিং নেয়া ইংল্যান্ডের পেস বোলাররা দুর্দান্ত প্রতাপ দেখিয়ে
আফগানদের ১১২ রানে আটকে দেন। বামহাতি পেসার স্যাম কারান ক্যারিয়ারসেরা বোলিংয়ে (৫/১০) প্রতিপক্ষকে বিধ্বস্ত করেন।
এটাই ছেলেদের টি২০ ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সেরা বোলিং ফিগার। এছাড়া বেন স্টোকস ও
মার্ক উড দুটি করে এবং ক্রিস ওকস একটি উইকেট নেন।
একটি পর্যায়ে ৪ উইকেটে ৯১ রান তোলা আফগানদের লোয়ার অর্ডার এলোমেলো করে
দেন কারান। ডেথ ওভারে ছয় বলের মধ্যে চার উইকেট তুলে নেন তিনি। বোলারদের দারুণ
সহযোগিতা করেন ফিল্ডাররা। বিশেষ করে অনেক উঁচুতে ওঠা বলে ক্যাচ নিয়ে আদিল রশিদ আর
এক হাতে ক্যাচ নিয়ে জস বাটলার প্রশংসিত হন।
আফগানরা ৫টি উইকেট তুলে নিলেও টার্গেট ছোট হওয়ায় শেষ পর্যন্ত আটকানো যায়নি
ইংল্যান্ডকে। লিয়াম লিভিংস্টোন ২১ বলে ২৯ রান করে দলের জয় নিশ্চিত করেন। এছাড়া
অ্যালেক্স হেলস ১৯ এবং বাটলার ও ডেভিড মালান উভয়ই ১৮ রান করেন। রশিদ খান, ফজলহক ফারুকি, ফরিদ আহমেদ ও মুজিব উর রহমান একটি করে উইকেট নেন।










