ইংলিশ প্রিমিয়ার লিগে আরেকবার খরচের রেকর্ড হলো। ১ সেপ্টেম্বর শেষ হওয়া গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো সম্মিলিতভাবে খরচ করেছে ২৩৬ কোটি পাউন্ড (৩২ হাজার ৬০০ কোটি টাকা), যা নতুন রেকর্ড। 

গতবার গ্রীষ্মকালীন দলবদলে প্রিমিয়ার লিগের ২০টি ক্লাব সম্মিলিতভাবে ১৯২ কোটি পাউন্ড খরচ করে। এবার তার চেয়ে ৪৪ কোটি পাউন্ড বেশি খরচ হয়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস ফার্ম ডেলোয়েট এ তথ্য দিয়েছে। 

২০২২-২৩ মৌসুমে রেকর্ড ২৭৩ কোটি পাউন্ড খরচ করে প্রিমিয়ার লিগের ২০টি ক্লাব। এবার শুধু গ্রীষ্মেই খরচ হয়েছে ২৩৬ কোটি পাউন্ড। সামনে তো পড়ে আছে শীতকালীন দলবদল। কাজেই গ্রীষ্মকালীন ও শীতকালীন দলবদল মিলে খরচটা নিশ্চিতভাবেই ৩০০ কোটি পাউন্ড ছাড়িয়ে যাবে।

১ সেপ্টেম্বর ব্রিটিশ সময় রাত ১১টা পর্যন্ত খেলোয়াড় বেচাকেনা করা গেছে। শেষদিনই প্রিমিয়ার লিগ খরচ করেছে ২৫ কোটি ৫০ লাখ পাউন্ড। এতেও হয়েছে নতুন রেকর্ড। গত বছর শেষ দিন ১২ কোটি পাউন্ড খরচ হয়েছিল।

গ্রীষ্মে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ যত খরচ করেছে তার মধ্যে ৪৮ শতাংশই করেছে প্রিমিয়ার লিগ। লা লিগা বাদে বাকি চার লিগেই ব্যয় বেড়েছে। এ দলবদলে বিদেশী ক্লাবের কাছ থেকে ফি হিসেবে ৫৫ কোটি পাউন্ড পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ, যা ২০২২ সালের দ্বিগুণেরও বেশি। গতবার এ সময় ২১ কোটি পাউন্ড ফি গ্রহণ করে লিগটি। 

শীর্ষ পাঁচ লিগের মধ্যে শুধু প্রিমিয়ার লিগ ও ফ্রেঞ্চ লিগ ওয়ানই খেলোয়াড় বিক্রি করে যা আয় করেছে তার চেয়ে বেশি ব্যয় করেছে খেলোয়াড় কিনতে। প্রিমিয়ার লিগে গ্রীষ্মের দলবদলে ১৩ জন খেলোয়াড়ের মূল্য ছিল ৫ কোটি পাউন্ডের বেশি, যা সম্মিলিতভাবে গত দুটি গ্রীষ্মকালীন দলবদলের চেয়েও বেশি।

ডেলোয়েট স্পোর্টস বিজনেস গ্রুপের লিড পার্টনার টিম ব্রিজ বলেন, ‘টানা দুটি গ্রীষ্মকালীন দলবদলে খরচের রেকর্ড এটাই বলছে, মহামারীর পর প্রিমিয়ার লিগের আয়ও ক্রমেই বাড়ছে। প্রিমিয়ার লিগের প্রায় তিন-চতুর্থাংশ (১৪টি) ক্লাব গত গ্রীষ্মকালীন দলবদলের চেয়ে বেশি খরচ করেছে। যা বলে দেয়, লিগে প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই বাড়ছে।’

দলবদলের শেষদিন বেশকিছু বড় অংকের দলবদল সম্পন্ন হয়েছে। উলভারহ্যাম্পটন থেকে পর্তুগিজ মিডফিল্ডার ম্যাথিউস নুনেসকে ৫৫ মিলিয়ন পাউন্ডে সই করিয়েছে ম্যানসিটি। ট্রেবলজয়ীরা ৪০ মিলিয়ন পাউন্ডে চেলসির কাছে বিক্রি করে দিয়েছে কোল পালমারকে। 

শেষদিন সবচেয়ে ব্যস্ত ছিল নটিংহ্যাম ফরেস্ট। তারা এদিন সাতজন খেলোয়াড়কে সই করিয়েছে। এছাড়া আনসু ফাতিকে ধারে বার্সা থেকে এনেছে ব্রাইটন। 

শুক্রবার অ্যাটলেটিকো মাদ্রিদ ফরওয়ার্ড হোয়াও ফেলিক্স ও ম্যানসিটির ফুল-ব্যাক হোয়াও ক্যানসেলোকে ধার চুক্তিতে দলভুক্ত করেছে বার্সেলোনা। দুজনকেই এক মৌসুমের জন্য দলে নিয়েছে কাতালানরা।

এদিকে মিসরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহকে নিতে লিভারপুলকে ১৫ কোটি পাউন্ডের (২ হাজার ৬৩ কোটি টাকা) লোভনীয় প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদ। যদিও লিভারপুল তাকে বিক্রি করতে চায় না বলে এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। মূল প্রস্তাবটি ১০ কোটি পাউন্ডের। এরপর অ্যাডস-অন মিলে তা গিয়ে দাঁড়াত ১৫ কোটি পাউন্ডে। কিন্তু কোনো অংকেই ৩১ বছর বয়সী খেলোয়াড়কে বিক্রি করবে না ইংলিশ জায়ান্টরা। 

মিসর জাতীয় দলের তারকা সালাহ ২০১৭ সালে ইতালির রোমা থেকে লিভারপুলে নাম লেখান। তার সময়ে লিভারপুল ইউরোপের অন্যতম সেরা ক্লাব হয়ে ওঠে। লিভারপুলের হয়ে সালাহ ৩০৮ ম্যাচ খেলে ১৮৭ গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন আরো ৭৬ গোলে। অ্যানফিল্ডে আসার পর তিনি চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন। তিনি তিনবার প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতেছেন কিংবা ভাগাভাগি করেছেন। আর পিএফএ বর্ষসেরা হয়েছেন দুবার। 

এ বছর সৌদি আরবের ক্লাবে নাম লিখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, সাদিও মানে, নেইমার। পিএসজি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের জন্য ২৫৯ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েও রাজি করাতে পারেনি আল হিলাল।